প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ১৩:২৯ পিএম
চলচ্চিত্রের সোনালি অতীত ও সমসাময়িক সময়কে এক ফ্রেমে তুলে ধরতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজন করা হচ্ছে তিন দিনব্যাপী বিশেষ চলচ্চিত্র উৎসব। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত এ উৎসবের প্রতিপাদ্যÑ ‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প-সংস্কৃতি’। ‘চলচ্চিত্র উৎসব : একাল-সেকাল’ শিরোনামের এ আয়োজনে দর্শকের জন্য থাকছে ছয়টি কালজয়ী ও সমসাময়িক বাংলা চলচ্চিত্র।
আজ থেকে শুরু হয়ে ১১ আগস্ট পর্যন্ত শিল্পকলা একাডেমির জাতীয় চলচ্চিত্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে উৎসবটি। দর্শক কোনো ধরনের প্রবেশমূল্য ছাড়াই সিনেমাগুলো উপভোগ করতে পারবেন। একই আয়োজনে বাংলা চলচ্চিত্রের স্বর্ণালি সময়ের জনপ্রিয় নির্মাণের পাশাপাশি সাম্প্রতিক সময়ের আলোচিত সিনেমা প্রদর্শনের মধ্য দিয়ে তৈরি হয়েছে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের চলচ্চিত্রের মেলবন্ধন।
উৎসবের উদ্বোধনী দিন অর্থাৎ আজ সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে মেজবাউর রহমান সুমন পরিচালিত আলোচিত সিনেমা ‘রইদ’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। এরপর রাত ৮টায় দর্শক দেখতে পাবেন জহির রায়হানের কালজয়ী চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’।
১০ আগস্ট বিকাল সাড়ে ৫টায় প্রদর্শিত হবে খান আতাউর রহমান পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক বিখ্যাত সিনেমা ‘আবার তোরা মানুষ হ’। একই দিন রাত ৮টায় থাকছে মোহাম্মদ নূরুজ্জামান নির্মিত ‘মাস্তুল’।
উৎসবের শেষ দিন ১১ আগস্ট বিকাল সাড়ে ৫টায় দেখানো হবে আমজাদ হোসেন পরিচালিত জনপ্রিয় চলচ্চিত্র ‘দুই পয়সার আলতা’। আর রাত ৮টায় আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ প্রদর্শনের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনের এ আয়োজন।
একই উৎসবে পুরনো দিনের কালজয়ী সিনেমার পাশাপাশি নতুন সময়ের চলচ্চিত্র দেখার সুযোগ তৈরি হওয়ায় এটি চলচ্চিত্রপ্রেমীদের জন্য হয়ে উঠতে পারে বিশেষ আকর্ষণের। বিশেষ করে বাংলা চলচ্চিত্রের ইতিহাস, বিবর্তন ও বর্তমান প্রবাহকে কাছ থেকে দেখার সুযোগ দেবে ‘চলচ্চিত্র উৎসব : একাল-সেকাল’।