প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ১৩:২২ পিএম
ফারহান আহমেদ জোভান ও তানজিন তিশা।
ছোটপর্দার পরিচিত মুখ ফারহান আহমেদ জোভান। রোমান্টিক গল্পের পাশাপাশি ভিন্ন মেজাজের চরিত্রেও নিজেকে মেলে ধরেছেন তিনি। সাম্প্রতিক সময়ে ‘হ্যাপি ডিভোর্স’-এর মতো গল্পনির্ভর কাজে দেখা গেছে তাকে। এবার জোভান হাজির হচ্ছেন এমন এক চরিত্রে, যার জীবনে পুরনো ক্ষতই হয়ে উঠেছে প্রতিশোধের আগুন।
অন্যদিকে তানজিন তিশা বরাবরই চরিত্রের বৈচিত্র্যে দর্শকের নজর কাড়েন। নাটকের পাশাপাশি ওটিটি ও সিনেমাতেও নিজের কাজের পরিধি বাড়িয়েছেন এই অভিনেত্রী। সাম্প্রতিক ‘গোলাপী’তে তাকে দেখা গেছে লেডি গ্যাংস্টারের চরিত্রে। এবার ‘প্রতিশোধ’-এ জোভানের সঙ্গে জুটি বেঁধে নতুন এক গল্পে হাজির হচ্ছেন তিনি।
যখন প্রতিশোধের চেয়েও বড় হয়ে ওঠে পুরনো ক্ষতÑ এমন ভাবনা সামনে রেখে খুব শিগগিরই সিএমভি থেকে আসছে নাটক ‘প্রতিশোধ’। মাহমুদ মাহিনের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এই নাটকে জোভান অভিনয় করেছেন রাফায়েল চরিত্রে, আর তিশাকে দেখা যাবে মারজান চরিত্রে। নাটকের গল্পে হার্ভার্ড বিজনেস স্কুল থেকে গোল্ড মেডেলিস্ট রাফায়েল দেশে ফিরে এলিগেন্ট বিল্ডার্সের সিইও পদে আবেদন করে। এরপরই তার জীবনে জড়িয়ে পড়ে পুরনো সম্পর্ক, ক্ষত ও প্রতিশোধের গল্প।
এর আগে জোভান-তিশা জুটিকে একাধিক নাটকে দেখা গেছে। ‘রঙিন চিঠি’, ‘ঋণ’, ‘পালাই পালাই’সহ বিভিন্ন কাজে তাদের জুটি দর্শকের প্রশংসা পেয়েছে। দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে ফেরায় ‘প্রতিশোধ’ নিয়ে বাড়তি কৌতূহল তৈরি হয়েছে। এবার তাদের গল্পটি নিছক প্রেম বা সম্পর্কের টানাপড়েনে আটকে থাকছে না; বরং অতীতের হিসাব, ক্ষমতার সমীকরণ এবং প্রতিশোধের তীব্রতা গল্পটিকে দেবে ভিন্ন মাত্রা।
সিএমভির ব্যানারে নির্মিত এ নাটকে জোভান-তিশার রসায়নের পাশাপাশি গল্পের টানটান উত্তেজনাও দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে। মুক্তির নির্দিষ্ট তারিখ এখনও জানানো হয়নি; তবে খুব শিগগিরই দর্শকের সামনে আসছে ‘প্রতিশোধ’।