মাহমুদা বিশ্বাস
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ১৩:১৯ পিএম
আগস্টের শুরু থেকেই দর্শকদের জন্য নতুন নতুন কনটেন্ট নিয়ে হাজির হচ্ছে ওটিটি প্লাটফর্ম ও প্রেক্ষাগৃহ। রাজনৈতিক গল্প, পারিবারিক আবহ, কমেডি, অতিবাস্তবধর্মী ড্রামা থেকে অ্যাকশন-থ্রিলারÑ সব মিলিয়ে এ মাসে বিনোদনের তালিকায় থাকছে বেশ বৈচিত্র্য। দেশীয় কনটেন্টের পাশাপাশি আন্তর্জাতিক সিনেমা ও সিরিজও মুক্তি পাচ্ছে নির্ধারিত সময়ে।
চরকিতে চার সপ্তাহে চার গল্প
আগস্টের শুরুতেই চরকিতে এসেছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’। জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি ৬ আগস্ট থেকে চরকিতে এক্সক্লুসিভ দেখা যাচ্ছে। সংগীতশিল্পী আহমেদ হাসান সানির প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এটি। এর আগে তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সং ফ্রম দ্য সাউথ’ ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছিল।
রাজনৈতিক দমন-পীড়ন ও ব্যক্তিগত ক্ষত নিয়ে প্রবাসী নূর দেশে ফেরার পর আবিষ্কার করে এক বদলে যাওয়া বাংলাদেশ। অন্যদিকে তার ছোট ভাই মুক্ত আদর্শবাদী রাজনৈতিক কর্মী। দেশের ভেতর থেকেই পরিবর্তন সম্ভবÑ এই বিশ্বাসে সে সংগ্রামে নামে। রাষ্ট্রীয় দমন-পীড়ন, গুম ও নিপীড়নের মধ্যেও প্রতিরোধের গল্প তুলে ধরতে থাকে মুক্ত। আদর্শ ও বাস্তবতার দ্বন্দ্বে দুই ভাইয়ের সম্পর্কেও তৈরি হয় দূরত্ব।
চরকির আগস্ট আয়োজনের দ্বিতীয় কনটেন্ট ‘রঙিন সুরমা’ মুক্তি পাবে ১৩ আগস্ট। মো. রিয়াজুল হক পরিচালিত এই সীমিত দৈর্ঘ্যের কনটেন্টে দীর্ঘদিন পর একসঙ্গে অভিনয় করেছেন আফজাল হোসেন ও আফসানা মিমি। একটি মিথ্যা, অসংখ্য চিঠি আর এক দম্পতির অটুট ভালোবাসাকে কেন্দ্র করে এগিয়েছে গল্প।
২০ আগস্ট মুক্তি পাবে ‘ফাইসা গেছি’। মাহমুদুর রহমান পরিচালিত কমেডি ঘরানার এই ফ্ল্যাশ ফিকশনে অভিনয় করেছেন সাবিলা নূর, দিব্য জ্যোতি, আরফান মৃধা শিবলু ও করভী মিজান। একজন উবারচালকের বিচিত্র অভিজ্ঞতার মধ্য দিয়ে সুযোগ ও অপরাধের সূক্ষ্ম পার্থক্য তুলে ধরা হয়েছে এতে। আলফা-আই ও চরকির যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে কনটেন্টটি।
মাসের শেষ সপ্তাহে, ২৭ আগস্ট মুক্তি পাবে ‘পেইন্ট অন ড্রাই লিফ’। ফুয়াদুজ্জামান ফুয়াদ পরিচালিত এই কনটেন্টে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও কাজী নওশাবা আহমেদ। অতিবাস্তব এক পৃথিবীকে ঘিরে নির্মিত গল্পে উঠে এসেছে ভালোবাসা, আশা এবং ধ্বংসের মুখেও মানুষের টিকে থাকার অদম্য ইচ্ছা।
‘মালিক’ এবার উৎসবে
গত ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘মালিক’ এখন দেখা যাচ্ছে ওটিটি প্লাটফর্ম ‘উৎসব’-এ। ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য উন্মুক্ত হয়েছে সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলার সিনেমাটি।
মায়ের সম্মান, অধিকার আদায়, প্রেম, প্রতিশোধ ও ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত ‘মালিক’-এ আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমের পাশাপাশি অভিনয় করেছেন মিশা সওদাগর, মনিরা মিঠু, বড়দা মিঠু, ইরফান মৃধা শিবলু, নিমা রহমানসহ অনেকে।
ডিভাইন মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত সিনেমাটির প্রযোজক মোয়াজ্জেম হোসেন শাওন। নির্বাহী প্রযোজক সানজিদ আফফান এবং সংগীত পরিচালনায় ছিলেন অদিত রহমান।
আন্তর্জাতিক কনটেন্টেও জমজমাট আগস্ট
দেশীয় কনটেন্টের পাশাপাশি আগস্টের প্রথম সপ্তাহে আন্তর্জাতিক অঙ্গনেও থাকছে বেশকিছু আকর্ষণীয় আয়োজন। ৬ আগস্ট মুক্তি পেয়েছে ‘অ্যাবট এলিমেন্টারি’ সিজন ৩। কুইন্টা ব্রানসন, টাইলার জেমস উইলিয়ামস, সাব্রিনা নিকোল ও ক্রিস পারফেটি অভিনীত ওয়েব সিরিজটি দর্শকদের জন্য নিয়ে এসেছে কমেডি ও কর্মক্ষেত্রের নানা গল্প।
৭ আগস্ট নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’। নাসিরুদ্দিন শাহ, দিলজিৎ দোসাঞ্জ, বেদাং রায়না ও শর্বরী ওয়াঘ অভিনীত সিনেমাটির গল্পের পটভূমি ১৯৪৭ সালের ভারতভাগ। আশ্রয়হীন এক বৃদ্ধ দাদা, একটি ছোট্ট ছেলে এবং অতীতের স্মৃতিকে ঘিরে এগিয়েছে দেশভাগের বেদনা ও সম্পর্কের গল্প।
একই দিনে নেটফ্লিক্সে আসছে ‘দ্য নাইট এজ’। ওয়েনাগা মোরার ও গ্রেটা লি অভিনীত সিনেমাটি আবর্তিত হয়েছে এক অদ্ভুত ও রহস্যময় রাতকে ঘিরে।
প্রেক্ষাগৃহে মারিওর মহাকাশ অভিযান
৭ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অ্যানিমেশন সিনেমা ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’। জনপ্রিয় চরিত্র মারিওকে ঘিরে নতুন এক মহাকাশ অভিযানে দর্শকদের নিয়ে যাবে সিনেমাটি। বিপদের মুখে পড়া মারিও ও তার সঙ্গীদের নানা দুঃসাহসিকতা ঘিরেই সাজানো হয়েছে গল্প।
এ ছাড়া ‘গ্যালাক্সি’ ঘরানার আরেক গল্পে চার সদস্যের একটি পরিবার সকালে ঘুম থেকে উঠে আবিষ্কার করে, তাদের চারপাশের সব পথ বন্ধ। ধীরে ধীরে ফুরিয়ে আসে বেঁচে থাকার রসদ। চরম সংকটের মধ্যে পরিবারটির টিকে থাকার লড়াইই হয়ে ওঠে গল্পের মূল আকর্ষণ।