প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ১২:১১ পিএম
হ্যানিম্যান নাটকের উদ্বোধনী অনুষ্ঠানে
স্বাস্থ্যঝুঁকিতে থাকা বর্তমান বিশ্বে চিকিৎসাসংশ্লিষ্ট মানুষের প্রতি শ্রদ্ধা জানানো এবং স্বাস্থ্যসচেতনতার বার্তা ছড়িয়ে দিতে মঞ্চে এসেছে মহাকাল নাট্য সম্প্রদায়ের ৪৫তম প্রযোজনা ‘হ্যানিম্যান’। হোমিওপ্যাথি চিকিৎসার জনক ডা. স্যামুয়েল হ্যানিম্যানের জীবন, সংগ্রাম, আবিষ্কার ও মানবিক দর্শনকে কেন্দ্র করে নির্মিত নাটকটির চতুর্থ প্রদর্শনী হবে আগামীকাল ৬ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে।

অপূর্ব কুমার কুণ্ডুর রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন শুভাশীষ দত্ত তন্ময়। নাম ভূমিকায় একক অভিনয় করেছেন নাট্যজন ও মহাকাল নাট্য সম্প্রদায়ের দলীয় প্রধান মীর জাহিদ হাসান।
গত ৩০ জুলাই সন্ধ্যায় নাটকটির মঞ্চায়ন উদ্বোধন করেন দৈনিক ‘প্রতিদিনের বাংলাদেশ’-এর সম্পাদক মারুফ কামাল খান। উদ্বোধনী আয়োজনে পুরুষ একক অভিনয়শিল্পী খন্দকার শাহআলম, শিশির রহমান, এইচ আর অনিক, মোহাম্মদ শাহনেওয়াজ ও মাহবুব সুজনকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল নাট্যজন কামাল বায়েজীদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পলি বিশ্বাস।

দুদিনে অনুষ্ঠিত তিনটি প্রদর্শনীতেই দর্শকের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। নাট্যকর্মীদের পাশাপাশি হোমিওপ্যাথি চিকিৎসক ও শিক্ষার্থীদেরও দেখা গেছে দর্শক সারিতে। পুরোনাটক দেখার পর মীর জাহিদ হাসানের অভিনয়ের প্রশংসা করেন মারুফ কামাল খান। পাশাপাশি হ্যানিম্যানের জীবনী মঞ্চে তুলে ধরার উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।
জার্মানি থেকে জীবনের শেষ আট বছর ফ্রান্সে দ্বিতীয় স্ত্রীর কাছে বসবাসের সময় হ্যানিম্যান তার আবিষ্কৃত চিকিৎসাপদ্ধতি, রোগীর ওপর প্রয়োগ, ট্রাইব্যুনালে মুখোমুখি হওয়া, চিকিৎসাচর্চার জন্য নিরাপদ স্থান খোঁজা এবং ‘মেটেরিয়া মেডিকা’ গ্রন্থ রচনার নানা অভিজ্ঞতা লিপিবদ্ধ করেন। তার ব্যক্তিজীবনের সম্পর্ক, সন্তান হারানোর বেদনাসহ নানা অধ্যায়ও উঠে এসেছে নাটকে।

নাট্যকার অপূর্ব কুমার কুণ্ডু বলেন, ‘মানুষ মরণশীল, কিন্তু রোগের চিকিৎসা আছে’Ñ এই সত্য জানা ও জানানোর প্রত্যয় থেকেই নাটকটি লেখা। নির্দেশক শুভাশীষ দত্ত তন্ময়ের মতে, এটি মানুষের জীবন, সংগ্রাম ও মানবিকতার গল্প।
মীর জাহিদ হাসান বলেন, পাঁচ দশকের মঞ্চ অভিজ্ঞতা কাজে লাগিয়ে হ্যানিম্যান চরিত্রটি দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করছেন তিনি। আলোয় আবু আজাদ, সেট ও প্রপসে পলাশ হেনড্রী সেন, পোশাকে আইরিন পারভীন লোপা, সংগীতে হামিদুর রহমান পাপ্পু এবং কোরিওগ্রাফিতে সৈয়দা কানিজ ফাতেমা লিসা কাজ করেছেন।