× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুরে-ছন্দে জুলাইয়ের স্মৃতি

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ১২:০৪ পিএম

সুরে-ছন্দে জুলাইয়ের স্মৃতি

রাজপথের উত্তাপ পেরিয়ে দুই বছর। সময় বদলেছে, বদলেছে দৃশ্যপট; কিন্তু জুলাইয়ের সেই দিনগুলো এখনও মুছে যায়নি স্মৃতি থেকে। স্লোগানে উত্তাল রাজপথ, দেয়ালে দেয়ালে প্রতিবাদের ভাষা, কণ্ঠে কণ্ঠে গান আর বুকভরা সাহসÑ ২০২৪-এর জুলাই-আগস্ট যেন বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক অনন্য অধ্যায়। সেই অধ্যায়ের গল্প এবার ফিরে আসছে সংস্কৃতির নানা আয়োজনে। কোথাও মঞ্চজুড়ে ব্যান্ডের ঝংকার, কোথাও শিল্পীর কণ্ঠে প্রতিবাদের গান, কোথাও কবিতা ও আলোচনায় ফিরে দেখা হবে সেই সময়কে। এমনকি রুপালি পর্দাতেও জুলাইয়ের গল্প বলার চেষ্টা হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ রাজধানীতে আয়োজিত হচ্ছে দুটি বড় উন্মুক্ত কনসার্ট। সোহরাওয়ার্দী উদ্যান থেকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাÑ দুই প্রাঙ্গণেই সংগীতের সঙ্গে স্মরণ করা হবে জুলাইয়ের দিনগুলো।

এক মঞ্চে ব্যান্ডের তারকারা

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত কনসার্ট শুরু হবে বিকাল ৩টায়। দর্শকদের জন্য গেট খুলবে দুপুর ১টায়। সবচেয়ে বড় আকর্ষণ-কোনো টিকিট ছাড়াই উপভোগ করা যাবে পুরো আয়োজন।

এই আয়োজনে মঞ্চ মাতাবে দেশের জনপ্রিয় সাত ব্যান্ড-মাইলস, ওয়ারফেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে, এসেইস ও রে রে। উদ্বোধনী পরিবেশনা করবে রে রে। এরপর একে একে মঞ্চে উঠবে অন্য ব্যান্ডগুলো। থাকবে বিশেষ সম্মাননা ও পুরস্কার বিতরণও।

সংসদ ভবনে ‘বর্ষা বিপ্লবের গান’

একই দিনে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাও পরিণত হবে বিশাল সংগীতমঞ্চে। মুনসুন কালচারাল অ্যালায়েন্সের আয়োজনে বিকাল ৪টা থেকে শুরু হবে ‘বর্ষা বিপ্লবের গান’।

এখানে থাকছে আরও বড় তারকাসমাবেশ। আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা, কুঁড়েঘর, আসিফ আকবর, সেজান, নাহিদ উইথ ম্যাজিশিয়ানস, ব্যান্ড নীল, জে কে তাহমিদ ও পারশা মাহজাবীনসহ আরও শিল্পী পরিবেশন করবেন। ফলে আজ ঢাকার দুই প্রান্তে সংগীতপ্রেমীদের জন্য অপেক্ষা করছে ব্যস্ত এক দিন।

জাবির মঞ্চে আসিফ

জুলাইয়ের স্মরণে পিছিয়ে নেই শিক্ষাঙ্গনও। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ ও আগামীকাল থাকছে দুই দিনের বিশেষ আয়োজন। এর অংশ হিসেবে ৬ আগস্ট সন্ধ্যা ৭টায় সেলিম আল-দীন মুক্তমঞ্চে গান শোনাবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।

এর আগে বিকালে জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত হবে জুলাই গণঅভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা সভা। থাকবে তথ্যচিত্র প্রদর্শনীও। 

বিটিভির পর্দায় দিনভর জুলাই

জুলাইয়ের গল্প শুধু মঞ্চেই নয়, থাকবে টেলিভিশনের পর্দাতেও। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন সাজিয়েছে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা। কবিতা আবৃত্তি, সাক্ষাৎকার, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকছে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানভিত্তিক বিশেষ ফিলার।

বিকাল ৪টা ৫ মিনিটে শুরু হবে কবিতা পাঠের আয়োজন। এরপর আয়না ঘরের দুঃসহ স্মৃতি নিয়ে থাকছে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান। সন্ধ্যায় প্রচারিত হবে জুলাই-আগস্টের কবিতা আবৃত্তির বিশেষ আয়োজন। রাতের আয়োজনে থাকবে গণঅভ্যুত্থান ও গণতন্ত্রের উত্তরাধিকার নিয়ে আলোচনা, নাচ-গান ও বিশেষ অনুষ্ঠান।

শুধু স্টুডিও নয়, রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচিও সরাসরি দেখাবে বিটিভি। জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার পুরস্কার বিতরণী ও আলোচনা এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনÑ সবই থাকছে সম্প্রচারের তালিকায়।

শিশুদের চোখে জুলাইয়ের গল্প

জুলাই গণঅভ্যুত্থানে শিশুদের অবদান, ত্যাগ ও স্মৃতি তুলে ধরতে রাজধানীর শাহবাগে শুরু হয়েছে চার দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ‘জুলাই জাগরণ সিজন-২’। শনিবার বিকালে জাতীয় জাদুঘরে কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়। জুলাইয়ে শহীদ আনাসের মা আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন ঘোষণা করেন।

আয়োজকরা জানান, শিশুদের চোখে দেখা জুলাইয়ের গল্প, তাদের স্বপ্ন, ভয়, সাহস ও আত্মত্যাগকে শিল্প-সাংস্কৃতিক বিভিন্ন মাধ্যমে তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। উৎসবে শিশুদের জন্য থাকছে বিশেষ ‘কিডস জোন’। প্রতিদিন বিকাল থেকে অনুষ্ঠিত হবে নানা সাংস্কৃতিক পরিবেশনা।

রুপালি পর্দায় যে গল্প আটকে আছে

জুলাইয়ের গল্প পৌঁছেছে চলচ্চিত্রেও। আশরাফুর রহমানের পরিচালনায় নির্মিত ‘দ্য রিমান্ড’ ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ও আন্দোলনকে কেন্দ্র করে নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে আলোচনায় আসে। এতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, পারভেজ আবির চৌধুরী, সালহা খানম নাদিয়া ও লুৎফর রহমান জর্জ।

তবে জুলাইয়ের সেই গল্প এখনও বড় পর্দায় দর্শকের সামনে আসেনি। সেন্সর বা সার্টিফিকেশন-সংক্রান্ত জটিলতায় আটকে যাওয়ার পর সিনেমাটির প্রদর্শনী ও মুক্তি নিয়ে আইনি প্রক্রিয়াও হয়েছে। ফলে যে চলচ্চিত্রে জুলাইয়ের উত্তাল সময়কে রুপালি পর্দায় তুলে ধরার স্বপ্ন ছিল, সেটিই এখন অপেক্ষার গল্প।

দুই বছর পর জুলাই তাই শুধু স্মৃতির নয়, সংস্কৃতিরও। গান হবে, কবিতা হবে, আলোচনায় ফিরবে ইতিহাস; পর্দায় ফিরে আসবে সেই সময়ের গল্প। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা