× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিনয়ের মঞ্চ থেকে না ফেরার দেশে রিনা রহমান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ১৫:১৪ পিএম

রিনা রহমান

রিনা রহমান

মঞ্চ, টেলিভিশন কিংবা চলচ্চিত্র-অভিনয়ের যে কোনো পরিসরেই চরিত্রকে আপন করে নেওয়ার আলাদা এক ক্ষমতা ছিল জ্যেষ্ঠ অভিনেত্রী রিনা রহমানের। দীর্ঘ অভিনয়জীবনে কখনো মমতাময়ী, কখনো কঠোর, কখনোবা জীবনের নানা টানাপোড়েনে থাকা নারীর চরিত্রে সাবলীল অভিনয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। সময়ের সঙ্গে অভিনয়ের ধরন বদলেছে, বদলেছে পর্দার গল্প ও চরিত্র; কিন্তু অভিনয়ের প্রতি তাঁর দায়বদ্ধতা কমেনি। শেষ সময় পর্যন্তও কাজের সঙ্গে যুক্ত ছিলেন এই গুণী অভিনেত্রী।

সোমবার (৩ আগস্ট) রাত ৯টায় না ফেরার দেশে পাড়ি জমান রিনা রহমান। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। অসুস্থতার মধ্যেও অভিনয় চালিয়ে গেছেন। শারীরিক অবস্থার অবনতির কারণে সম্প্রতি কাজ কিছুটা কমিয়ে দিলেও মৃত্যুর আগ পর্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ‘পরম্পরা’য় অভিনয় করছিলেন।

বিটিভির কালজয়ী নাটক ‘সংশপ্তক’ দিয়ে দর্শকের কাছে পরিচিতি পাওয়া রিনা রহমান পরবর্তী সময়ে টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও মঞ্চে নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রাখেন। ‘মান অভিমান’-এর মতো দীর্ঘ ধারাবাহিকেও তাঁর উপস্থিতি দর্শকের নজর কেড়েছে।

চলচ্চিত্রেও ছিল তাঁর বিচরণ। ‘ঠিকানা’, ‘ঘানি’র মতো সিনেমায় অভিনয়ের পাশাপাশি বিভিন্ন চরিত্রে নিজের দক্ষতা তুলে ধরেছেন তিনি। ২০২৩ সালেও ‘জবা’ ধারাবাহিকে ডলি জহুর ও অরুনা বিশ্বাসের সঙ্গে অভিনয় করেছেন।

দীর্ঘ ক্যারিয়ারে পর্দায় অসংখ্য চরিত্রে প্রাণ দেওয়া এই অভিনেত্রীর প্রয়াণে শোক নেমে এসেছে সাংস্কৃতিক অঙ্গনে। সহকর্মী ও দর্শকদের স্মৃতিতে রিনা রহমান বেঁচে থাকবেন তাঁর অভিনীত চরিত্রগুলোর মধ্য দিয়েই।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা