প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ১৩:৫৫ পিএম
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এবার মাতবে দেশের জনপ্রিয় ব্যান্ডগুলোর গানে। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ৫ আগস্ট সোহরাওয়ার্দী উদ্যানে বিশেষ কনসার্ট ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। আয়োজনে অংশ নেবে দেশের জনপ্রিয় একাধিক ব্যান্ড। সংগীতপ্রেমীদের জন্য সবচেয়ে বড় সুখবর, কনসার্টটি থাকছে সবার জন্য উন্মুক্ত।
আয়োজনে মঞ্চ মাতাবে দেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস, ওয়ারফেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে, এসেইস ও রে রে। প্রিয় শিল্পী ও ব্যান্ডের গান সরাসরি উপভোগ করতে এদিন সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হওয়ার সুযোগ থাকছে সব বয়সী সংগীতপ্রেমীদের। ফলে আয়োজন ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
ব্যান্ড সংগীতের জনপ্রিয়তা বরাবরই দেশের তরুণ প্রজন্মের মধ্যে আলাদা জায়গা করে নিয়েছে। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় একই মঞ্চে একসঙ্গে এতগুলো পরিচিত ব্যান্ডের পরিবেশনা কনসার্টটিকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে মনে করছেন আয়োজকরা।
শুধু গান শোনার আয়োজন নয়, বিশেষ এই কনসার্টের মধ্য দিয়ে স্মরণ করা হবে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি। সংগীতের শক্তিকে সঙ্গে নিয়ে গণতন্ত্র ও সাংস্কৃতিক চেতনাকে উদযাপন করাই আয়োজনের অন্যতম লক্ষ্য।
দেশের বিভিন্ন প্রান্তের কনসার্টের আগাম খবর ও আপডেট পেতে সংগীতপ্রেমীরা চোখ রাখতে পারেন ‘কনসার্ট অব বাংলা’র আয়োজনে। তাদের মাধ্যমে নিয়মিত জানা যাবে দেশের বিভিন্ন কনসার্টের খবর, শিল্পীদের পরিবেশনা ও আয়োজনের বিস্তারিত তথ্য।
৫ আগস্ট সোহরাওয়ার্দী উদ্যানে বসতে যাচ্ছে ব্যান্ডসংগীতের বড় আসর। জনপ্রিয় ব্যান্ডগুলোর পরিবেশনায় দিনটি সংগীতপ্রেমীদের জন্য হয়ে উঠতে পারে স্মরণীয় এক আয়োজন।