প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ১২:২৬ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৬ ১৫:১৮ পিএম
আশনা হাবিব ভাবনা।ছবি: সংগৃহীত।
পর্দায় কখনও প্রাণবন্ত, কখনও সংবেদনশীল চরিত্রে নিজেকে মেলে ধরেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। অভিনয়ের পাশাপাশি নৃত্যও রয়েছে তার আলাদা পরিচিতি। ছোটপর্দা দিয়ে যাত্রা শুরু করে ধীরে ধীরে বড়পর্দা ও ওয়েবভিত্তিক কাজেও নিজের জায়গা তৈরি করেছেন এই অভিনেত্রী। চরিত্রের বৈচিত্র্য আর অভিনয়ের নিজস্ব ধরন দিয়ে দর্শকের কাছে তৈরি করেছেন আলাদা গ্রহণযোগ্যতা। আজ এই অভিনেত্রীর জন্মদিন।

আশনা হাবিব ভাবনার অভিনয়জীবনের শুরু ‘নট আউট’ নাটকের মাধ্যমে। এটিই ছিল তার প্রথম টেলিভিশন নাটক। এরপর একে একে কদম দি ফুল, ফার্স্ট ডেট, রূপ কথা, কামিনী, বেড রুম, রুনিং, কুয়াশা, সময়, কনফেশন, সময় শেষের গল্পসহ বেশকিছু ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তিনি। ছোটপর্দার পাশাপাশি বিভিন্ন ওয়েব নাটকেও দেখা গেছে তাকে। ‘রুমের বাসর রাত’ ও ‘আলীবাবা চল্লিশ চোর’-এর মতো উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে।
২০১৭ সালে অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় ভাবনার। এরপর চলচ্চিত্রেও নিয়মিত হয়েছেন তিনি। ২০২১ সালের ডিসেম্বরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রয়োজনে নির্মিত ‘দামপাড়া’ সিনেমায় কাজ শুরু করেন এই অভিনেত্রী। ছবিটি পরিচালনা করেন শুদ্ধমান চেতন। পাশাপাশি ফয়সাল রাজীবের ‘আয়না’ চলচ্চিত্রেও চুক্তিবদ্ধ হন তিনি।
সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে হাবিবুর ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’ চলচ্চিত্রেও অভিনয় করেছেন ভাবনা। এটি ছিল বাবার পরিচালনায় মেয়ের প্রথম চলচ্চিত্র। ওয়েব দুনিয়াতেও তার উপস্থিতি রয়েছে। ‘ওয়ান্টেড’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবেও পুরস্কার অর্জন করেছেন ভাবনা।