আলাপন
লোকগীতিকন্যা জয়া বর্মণ
প্যারিসের লোকগীতিকন্যা জয়া বর্মণ। বাংলা গানকে ছড়িয়ে দিতে চান বিশ্বের বিভিন্ন দেশে। বাংলা গান নিয়ে নিজের ভাবনা, স্বপ্নের কথা জানিয়েছেন প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন গোলাম কিবরিয়া…
শৈশব কোথায় কেটেছে? আর কীভাবে আপনার সংগীতজীবনকে প্রভাবিত করেছে?
শিকড় বাংলাদেশে হলেও আমার বেড়ে ওঠা ফ্রান্সে। বিদেশে বড় হলেও আমাদের পরিবারে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি ও বাংলা গানের চর্চা ছিল প্রতিদিনের জীবনের অংশ। সংগীতে আমার হাতেখড়ি মা প্রতিমা বর্মণের হাত ধরেই।
পরিবার থেকে সংগীতচর্চায় কতটা উৎসাহ পেয়েছেন?
নিজেকে সত্যিই ভাগ্যবান মনে করি। পরিবার বিশেষ করে আমার মা, সব সময় আমাকে উৎসাহ দিয়েছেন। তার অনুপ্রেরণাতেই গান শেখা শুরু করি। পরে কয়েকজন গুণী শিক্ষকের কাছে তালিম নেওয়ার সুযোগ হয়েছে।
দীর্ঘদিন ধরে ফ্রান্সে থেকেও বাংলা গান আঁকড়ে থাকার অনুপ্রেরণা কী?
বাংলা গান আমার কাছে শুধু সংগীত নয়, এটি আমার পরিচয়, শিকড়, আবেগ। আমার সংগীতজীবনের সূচনা হয় বিশিষ্ট সংগীতশিল্পী নীলিমা সেন গীতার কাছে। তার হাত ধরেই তৈরি হয় সংগীতের ভিত্তি। এরপর তালিম নিয়েছি ভারতের প্রখ্যাত পণ্ডিত শ্যামসুন্দর গোস্বামীর কাছে।
সংগীতের বাইরে আপনার পেশাগত জীবন সম্পর্কে জানতে চাই?
পেশাগতভাবে আমি একজন লজিস্টিক ইঞ্জিনিয়ার এবং বর্তমানে ফ্রান্সের একটি কোম্পানিতে লজিস্টিক ম্যানেজার হিসেবে কাজ করছি। পেশা ও সংগীত দুটি সম্পূর্ণ ভিন্ন জগৎ। লজিস্টিকসের কাজ অত্যন্ত ব্যস্তময় ও দায়িত্বপূর্ণ। সেই ব্যস্ততার মধ্যেই সংগীত আমাকে মানসিক প্রশান্তি দেয়।
লোকগানের প্রতি আপনার ভালোবাসার উৎস কোথা থেকে?
লোকসংগীতের প্রতি ভালোবাসার শুরু আমার গুরু নীলিমা সেন গীতার কাছ থেকেই। যদিও আমার মূল তালিম শাস্ত্রীয় সংগীতে। তিনিই আমাকে শিখিয়েছেন বাংলা লোকসংগীতের দর্শন, আবেগ ও পরিবেশনার সৌন্দর্য।
কোন শিল্পী বা সংগীতধারা আপনাকে বেশি প্রভাবিত করেছে?
অনেক গুণী শিল্পীর কাছ থেকেই অনুপ্রেরণা পেয়েছি। বিশেষ করে সাবিনা ইয়াসমীন, রুনা লায়লা এবং লতা মঙ্গেশকরের বাংলা গান আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। আর ফকির লালন সাঁইয়ের দর্শন আমাকে শুধু গান গাইতে নয়, গানকে অনুভব করতেও শিখিয়েছে।
নতুন প্রজন্মকে বাংলা গানে কীভাবে আগ্রহী করা উচিৎ?
জোর করে নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির সঙ্গে যুক্ত করা যাবে না। তাদের কাছে আনন্দময় ও আধুনিক উপস্থাপনায় বাংলা গান পৌঁছে দিতে হবে। এক্ষেত্রে আন্তর্জাতিক মানের সংগীতায়োজন, আধুনিক উপস্থাপনা এবং ডিজিটাল প্লাটফর্মের কার্যকর ব্যবহার খুবই জরুরি।
প্রবাসী শিল্পী হিসেবে কখোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে?
প্রবাসে শিল্পীদের জন্য সুযোগ তুলনামূলকভাবে সীমিত। বাংলাদেশে যেমন টেলিভিশন অনুষ্ঠান বা বিভিন্ন মাধ্যমে নিয়মিত গান পরিবেশনের সুযোগ থাকে, ফ্রান্সে সেসব সুযোগ খুব বেশি নেই। আমরা মূলত মঞ্চনির্ভর। ফলে বৃহত্তর দর্শকের সামনে নিজেকে নিয়মিত তুলে ধরা কঠিন হয়ে পড়ে। এটিই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় মঞ্চ কোনটি?
গত ৫ জুলাই বেলজিয়ামে একটি অনুষ্ঠান ছিল, যা আমার জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা। তার আগের দিন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়। কিন্তু আমার বিশ্বাস ছিল, আমি মঞ্চে দাঁড়াবই। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সরাসরি বেলজিয়ামে গিয়ে অনুষ্ঠান করেছি। সেই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে, দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে অনেক বাধাই অতিক্রম করা যায়।
এই মুহূর্তে বাংলাদেশে আসার বিশেষ কারণ কী?
এবার বাংলাদেশে এসেছি একটি বিশেষ কাজের জন্য। আমার প্রথম মৌলিক ডুয়েট গানের রেকর্ডিং করতে। বিশিষ্ট সংগীতশিল্পী সমরজিৎ রায়ের সুর ও সংগীতায়োজনে তার সঙ্গেই গানটি গাওয়ার সুযোগ হয়েছে। গানটির কথা লিখেছেন সঞ্জয় রায়। এটি মূলত একটি রোমান্টিক গান, তবে প্রচলিত ধারার বাইরে গিয়ে একটু ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করেছি।
বাংলা গানকে বিশ্বমঞ্চে তুলে ধরার স্বপ্ন কতটা?
বাংলা গান শুধু প্রবাসী বাঙালিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছেও পৌঁছাবে। ইউরোপের বিভিন্ন দেশে বাংলা গানের কনসার্ট করতে চাই, আন্তর্জাতিক শিল্পীদের সঙ্গে যৌথভাবে কাজ করতে চাই। বাংলা লোকসংগীতকে বিশ্বসংগীতের সঙ্গে নতুনভাবে উপস্থাপন করারও ইচ্ছা রয়েছে।