প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ১২:৪৮ পিএম
মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী এলা ল্যাংলি
কখনও কখনও একটি গান শুধু শ্রোতাদের পছন্দের তালিকায় জায়গা করে নেয় না, বরং বদলে দেয় সংগীতের ইতিহাসও। মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী এলা ল্যাংলির ‘চুজিন টেক্সাস’ এখন তেমনই এক উদাহরণ। গানটি বিলবোর্ড হট ১০০-এর শীর্ষে টানা ১৫ সপ্তাহ অবস্থান করে নতুন রেকর্ড গড়েছে। এর মধ্য দিয়ে কোনো একক নারী শিল্পীর গাওয়া ছুটির মৌসুমের বাইরের গানের মধ্যে সবচেয়ে বেশি সময় শীর্ষে থাকার রেকর্ড এখন তার দখলে।
এই অর্জনের পথে এলা পেছনে ফেলেছেন সংগীতের দুই কিংবদন্তি মারাইয়া কেরি ও হুইটনি হিউস্টনকে। মারাইয়ার ‘উই বিলং টুগেদার’ এবং হুইটনির ‘আই উইল অলওয়েজ লাভ ইউ’-দুটি গানই বিলবোর্ড হট ১০০-এর শীর্ষে ১৪ সপ্তাহ করে ছিল। তবে এলার ‘চুজিন টেক্সাস’ সেই রেকর্ড ছাড়িয়ে ১৫ সপ্তাহে পৌঁছেছে।
কান্ট্রি সংগীতের আবহে তৈরি গানটির গল্পও বেশ আবেগঘন। এতে এমন এক নারীর কথা উঠে এসেছে, যে উপলব্ধি করে তার ভালোবাসার মানুষটির মন এখনও টেক্সাসেই পড়ে আছে। গানের কথায় টেক্সাসের সংস্কৃতি ও আবহের পাশাপাশি সম্পর্ক হারানোর বেদনাও ফুটে উঠেছে।
গানটির সাফল্যের পেছনে রয়েছে এলার নিজস্ব পরিবেশনভঙ্গিও। আবেগকে বাড়তি নাটকীয়তা না দিয়ে সহজ ও সংযত কণ্ঠে গানটি পরিবেশন করেছেন তিনি। ফলে এর গল্প ও অনুভূতি শ্রোতাদের কাছে আরও সহজে পৌঁছেছে। গানটি লিখেছেন এলা ল্যাংলি, মিরান্ডা ল্যামবার্ট, লুক ডিক ও জয়বেথ টেলর। এটি এলার দ্বিতীয় স্টুডিও অ্যালবাম ‘ড্যান্ডেলিয়ন’-এর অংশ।
‘চুজিন টেক্সাস’-এর সাফল্য শুধু বিলবোর্ডের একটি রেকর্ডেই থেমে নেই। গানটি কান্ট্রি সংগীতের জনপ্রিয়তাকেও নতুন করে সামনে এনেছে। এলা ল্যাংলির দ্রুত উত্থান তাই সংগীতাঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। একটি গানের সাফল্য পেরিয়ে তার নাম এখন জায়গা করে নিয়েছে বিলবোর্ডের ইতিহাসেও।