× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিভিউ

শেকড়ের টানে ফিরে দেখা নিজের ঠিকানা

দিশা খানম

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ১২:৪৩ পিএম

আপডেট : ০২ আগস্ট ২০২৬ ১২:৪৫ পিএম

শেকর সিনেমার দৃশ্যে

শেকর সিনেমার দৃশ্যে

মানুষের জীবনে কিছু সম্পর্ক থাকে, যেগুলো দূরত্ব দিয়ে মাপা যায় না। সময় যত এগোয়, জীবন যত বদলায়, মানুষ যত নতুন ঠিকানায় নিজেকে মানিয়ে নেয়Ñ কোথাও একটা পুরনো টান তাকে বারবার ফিরিয়ে নিয়ে যায় তার শুরুর কাছে। সেই টান কখনও মাটির, কখনও মানুষের, কখনও স্মৃতির। আর কখনও নিজের পরিচয়কে নতুন করে আবিষ্কারের। প্রসূন রহমানের ‘শেকড়’ ঠিক সেই জায়গাটিতেই দাঁড়িয়ে থাকা একটি চলচ্চিত্র। মূলত শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া মানুষের ভেতরের শূন্যতা এবং নিজের উৎসের কাছে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষাকে পর্দায় তুলে ধরেছে।

শেকর সিনেমার পোস্টার

সিনেমাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এর বিষয় নির্বাচন। বাংলা চলচ্চিত্রে ‘শেকড়’ শব্দটি নতুন নয়, কিন্তু প্রসূন রহমান সেটিকে কেবল জন্মভূমির প্রতি আবেগ হিসেবে দেখাননি। বরং দেশ, পরিবার, পরিচয়, স্মৃতি, বিশ্বাস ও ভালোবাসার পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে বিষয়টিকে বিস্তৃত করেছেন। ফলে ‘শেকড়’ কেবল একটি নির্দিষ্ট মানুষের গল্প হয়ে থাকে না; বরং দেশান্তরী কিংবা নিজের জায়গা থেকে দূরে সরে যাওয়া অসংখ্য মানুষের অভিজ্ঞতার সঙ্গে এক ধরনের যোগসূত্র তৈরি করে।

সানাউল মোস্তফার উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন প্রসূন রহমান নিজেই। এখানেই নির্মাতার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সাহিত্যিক অনুভবকে চলচ্চিত্রের ভাষায় রূপ দেওয়া। কারণ শেকড়ের মতো একটি বিমূর্ত অনুভূতিকে শুধু সংলাপ দিয়ে প্রকাশ করা যায় না; প্রয়োজন দৃশ্য, নীরবতা, অভিনয় এবং পরিবেশের সম্মিলিত ভাষা। সিনেমাটির নির্মাণভাবনায় সেই অনুভূতিকে ধারণ করার চেষ্টা স্পষ্ট।

অভিনয়ের জায়গায় আইশা খানকে নিয়ে আলাদা করে বলতে হয়। ফাল্গুনী চরিত্রটি তার জন্য নিছক আরেকটি অভিনয়ের সুযোগ নয়; বরং বড়পর্দায় নিজেকে অন্যভাবে প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। আইশা নিজেও জানিয়েছেন, গল্পের পাশাপাশি ফাল্গুনী চরিত্রটিই তাকে সিনেমাটির প্রতি আকৃষ্ট করেছিল। তার অভিনয়ের বড় অর্জন চরিত্রটির আবেগকে অতিরঞ্জিত না করে পর্দায় ধরে রাখার চেষ্টা। চরিত্রের ভেতরের অনুভূতি প্রকাশে সংযমী অভিনয় সিনেমাটির আবহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এফএস নাঈমের সঙ্গে আইশার জুটিও সিনেমাটির অন্যতম আগ্রহের জায়গা। দুজনের চরিত্রকে ঘিরে গল্পের আবেগ ও সম্পর্কের পরিসর তৈরি হয়েছে। নাঈমের অভিনয়ে পরিণতিবোধ লক্ষ করা যায়। তাদের পাশাপাশি দিলারা জামান, সমু চৌধুরী, সঙ্গীতা চৌধুরী, নাফিস আহমেদ, নাইরুজ সিফাত, রওনক রিপনসহ অন্য শিল্পীরাও সিনেমাটির চরিত্রজগতকে পূর্ণতা দিয়েছেন।

তবে ‘শেকড়’-এর সবচেয়ে বড় শক্তি যেমন এর বিষয়, তেমনি সেখানেই এর সীমাবদ্ধতার জায়গাও খুঁজে পাওয়া যায়। সিনেমাটি দর্শককে তাৎক্ষণিক উত্তেজনা কিংবা প্রচলিত বিনোদনের সহজ পথে হাঁটায় না। এর গতি অনেকটাই অনুভূতিনির্ভর। ফলে যারা দ্রুত ঘটনা, চমক কিংবা টানটান নাটকীয়তায় অভ্যস্ত, তাদের কাছে কিছু অংশ ধীর মনে হতে পারে। কিন্তু জীবনঘনিষ্ঠ গল্পের ক্ষেত্রে এই ধীরতা সব সময় দুর্বলতা নয়; বরং চরিত্র ও অনুভূতিকে উপলব্ধি করার জন্য নির্মাতা যে অবকাশ তৈরি করেন, সেটিই সিনেমাটির স্বাতন্ত্র্য।

কারিগরি নির্মাণেও সিনেমাটি তার বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্য রাখার চেষ্টা করেছে। লোকেশন ও আবহের ব্যবহার সিনেমাটির ‘মাটি ও মানুষের’ ভাবনাকে আরও দৃশ্যমান করে।

সবশেষে বলা যায়, ‘শেকড়’ এমন সিনেমা নয়, যার মূল্যায়ন কেবল বিনোদনের পাল্লায় করা যায়। এটি বরং দর্শকের ব্যক্তিগত স্মৃতি ও আত্মপরিচয়ের জায়গায় গিয়ে প্রশ্ন তোলেÑ জীবন আমাদের যত দূরেই নিয়ে যাক, আমরা কি সত্যিই আমাদের শেকড় থেকে বিচ্ছিন্ন হতে পারি? প্রসূন রহমানের সিনেমার সার্থকতা এখানেই যে, এই প্রশ্নের সরল উত্তর না দিয়ে তিনি দর্শককে নিজের মতো করে উত্তর খুঁজে নেওয়ার সুযোগ দিয়েছেন।

‘শেকড়’ তাই শুধু ফিরে যাওয়ার গল্প নয়; বরং কেন মানুষ ফিরে যেতে চায়, কী তাকে টেনে নেয় এবং ফিরে গিয়ে সে আসলে কী খোঁজেÑ সেই অন্বেষণের চলচ্চিত্র। আর সেই কারণেই সিনেমাটি শেষ হওয়ার পরও এর মূল অনুভূতিটি কিছুক্ষণ দর্শকের ভেতরে থেকে যায়Ñ মানুষ ঠিকানা বদলাতে পারে, কিন্তু শেকড় বদলাতে পারে না।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা