প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ১২:১৯ পিএম
আজমেরী হক বাঁধন
দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন আজমেরী হক বাঁধন। ভিন্নধর্মী চরিত্র বেছে নেওয়ার জন্য বরাবরই প্রশংসিত এই অভিনেত্রী এবার যুক্ত হচ্ছেন নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে। রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার, সামাজিক বৈষম্য এবং অভিজাত সমাজের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে তাকে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘গুলশানের চামেলি’তে গুরুত্বপূর্ণ একটি আইনজীবীর চরিত্রে অভিনয় করবেন বাঁধন। যদিও বিষয়টি নিয়ে এখনই আনুষ্ঠানিকভাবে মুখ খুলতে চাননি নির্মাতা কিংবা অভিনেত্রী।
নির্মাতা মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, আজ (১ আগস্ট) সিনেমাটির মহরত অনুষ্ঠিত হবে। যেখানে শিল্পী তালিকাসহ সিনেমার বিভিন্ন আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হবে। অন্যদিকে বাঁধনও জানিয়েছেন, আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চান না।
‘গুলশানের চামেলি’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। এই সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হচ্ছে তার। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে এক যৌনকর্মীর জীবন, যিনি কোনো অপরাধ না করেও ক্ষমতাবানদের ষড়যন্ত্র, শোষণ এবং অবিচারের শিকার হন। রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং সমাজের অন্ধকার বাস্তবতার প্রতিচ্ছবি তুলে ধরা হবে সিনেমাটিতে।
সিনেমার চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। আগামী বছরের ঈদে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতার। মধুমিতা সরকার ও আজমেরী হক বাঁধনের পাশাপাশি এতে অভিনয় করবেন রোজিনা, আমিন খান, আশীষ খন্দকারসহ আরও অনেকে।
এদিকে আজমেরী হক বাঁধনকে সর্বশেষ বড়পর্দায় দেখা গেছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায়। তার অভিনীত আরও দুটি সিনেমা ‘মাস্টার’ এবং ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে ‘মাস্টার’ নেদারল্যান্ডসের রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিগ স্ক্রিন বিভাগে সেরা ছবির স্বীকৃতি অর্জন করেছে। অন্যদিকে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ জায়গা করে নিয়েছে এ বছরের ভেনিস চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক নির্বাচনে।