× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উড়ছে তুষি দেশ-বিদেশে

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ১২:১২ পিএম

নাজিফা তুষি

নাজিফা তুষি

আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে প্রশংসিত একটি সিরিজ, আর দেশের বহুল প্রতীক্ষিত একটি সিনেমাÑ দুই ভিন্ন মাধ্যমের দুই আলোচিত কাজ নিয়েই এখন আলোচনার কেন্দ্রে অভিনেত্রী নাজিফা তুষি। আবদুল্লাহ মোহাম্মাদ সাদের প্রথম মিনি সিরিজ ‘অ্যানি’ আন্তর্জাতিক উৎসবে বিশ্ব প্রিমিয়ারের পর এবার দেশের দর্শকদের জন্য মুক্তির অপেক্ষায়। একই সময়ে রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘আন্ধার’-এ নিজের চরিত্রের প্রথম লুক প্রকাশ করে নতুন করে কৌতূহলও বাড়িয়েছেন এই অভিনেত্রী। ফলে বড়পর্দা ও ওটিটিÑ দুই অঙ্গনেই নাজিফা তুষিকে ঘিরে তৈরি হয়েছে আলাদা প্রত্যাশা।

নাজিফা তুষি। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে।

গত জুনে জার্মানির সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যালে ‘উইমেন ইন সিরিজ’ বিভাগে বিশ্ব প্রিমিয়ার হয় আবদুল্লাহ মোহাম্মাদ সাদের বহুল প্রতীক্ষিত মিনি সিরিজ ‘অ্যানি’-এর। আন্তর্জাতিক প্রদর্শনীর পর এবার দেশের দর্শকদের জন্য সিরিজটি নিয়ে আসছে আইস্ক্রিন। যদিও মুক্তির নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানানো হয়নি, তবে শিগগিরই এটি স্ট্রিমিং প্লাটফর্মটিতে দেখা যাবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্টরা।

অ্যানি সিরিজের পোস্টার,ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে।

সিরিজটিতে নামভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। প্রকাশিত ট্রেলারে দেখা যায়, অ্যানি একজন তরুণ নার্স, যিনি নিজের পাঁচ ভাইবোনকে আগলে রেখে প্রতিকূল বাস্তবতায় বেঁচে থাকার লড়াই চালিয়ে যান। কিন্তু এক ভয়াবহ হামলার পর তার জীবন বদলে যায়। নিজের ভেতরে ও চারপাশে জমে থাকা ঘৃণা, ক্ষোভ ও বেদনার সঙ্গে লড়তে লড়তে তিনি এমন এক অন্ধকারে পৌঁছে যান, যেখানে প্রতিশোধই হয়ে ওঠে একমাত্র লক্ষ্য।

সিরিজটিতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠু, নাজাহসহ অনেকে। মেট্রোভিডিও, ক্যাটালগ, জিরেল এবং অডেশাস অরিজিনালসের ব্যানারে সিরিজটি প্রযোজনা করেছেন এহসানুল হক বাবু।

তুষি,ছবি: সংগৃহীত।

সিরিজটি নিয়ে প্রযোজক এহসানুল হক বাবু বলেন, ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল পেরিয়ে এবার আইস্ক্রিনের মাধ্যমে দেশের দর্শকদের কাছে সিরিজটি পৌঁছে দিতে পারছি, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমরা বিশ্বাস করি, দর্শক ‘অ্যানি’-এর গল্প, নির্মাণশৈলী ও অভিনয়ে ভিন্ন এক অভিজ্ঞতা উপভোগ করবেন।’

‘অ্যানি’ নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদেরও প্রত্যাবর্তনের কাজ। ‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত এই নির্মাতা প্রায় পাঁচ বছর পর নতুন নির্মাণ নিয়ে ফিরছেন। এটি তার প্রথম সিরিজ। এর আগে ‘লাইভ ফ্রম ঢাকা’ এবং ‘রেহানা মরিয়ম নূর’-এর মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেন তিনি। বিশেষ করে ‘রেহানা মরিয়ম নূর’ কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তে রিগা’ বিভাগে অফিসিয়াল সিলেকশনে জায়গা করে নিয়ে ইতিহাস গড়ে।

‘আন্ধার’ সিনেমার ফার্স্ট লুক -এ অভিনেত্রী  নাজিফা তুষি।

অন্যদিকে ‘অ্যানি’-এর অপেক্ষার মধ্যেই ‘আন্ধার’ সিনেমা নিয়েও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন নাজিফা তুষি। গতকাল নিজের সামাজিক মাধ্যমে সিনেমাটিতে তার চরিত্র ‘নদিয়া’-এর প্রথম লুক প্রকাশ করেন তিনি। ছবির সঙ্গে নির্মাতা রায়হান রাফীকে উদ্দেশ করে মজার ছলে লেখেন, ‘প্রায় এক বছর ধরে চুপ ছিলাম। আর না! ধন্যবাদ রায়হান রাফী আমার লুকটা ‘লিক’ করে দেওয়ার জন্য।”

পোস্টে নিজের চরিত্র নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তুষি লেখেন, ‘আন্ধার’-এর নদিয়া আমার অভিনয়জীবনের সবচেয়ে প্রিয় চরিত্র-আপাতত। এই চরিত্রটা আমাকে অনেক রকম ইমোশন নিয়ে খেলতে দিয়েছে। ছিল চ্যালেঞ্জিং, আবার ভীষণ রিওয়ার্ডিংও। আমি যেমন এই চরিত্রে অভিনয় করে দারুণ একটা সময় কাটিয়েছি, আশা করি বড় পর্দায় আপনাদেরও ঠিক ততটাই ভালো লাগবে। দেখা হবে খুব শিগগিরই।”

অভিনেত্রীর পোস্ট তুলে ধরা হলো

আন্তর্জাতিক উৎসব থেকে ওটিটি এবং বড় পর্দার নতুন সিনেমা-দুই মাধ্যমেই একসঙ্গে আলোচনায় থাকা নাজিফা তুষির সামনে তাই ব্যস্ত এক সময় অপেক্ষা করছে। এখন দেখার বিষয়, ‘অ্যানি’র গভীর ও জটিল চরিত্র এবং ‘আন্ধার’-এর রহস্যময় ‘নদিয়া’-দুই রূপে দর্শকের প্রত্যাশা কতটা পূরণ করতে পারেন এই অভিনেত্রী। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা