শুভ জন্মদিন ববিতা
মাহমুদা বিশ্বাস
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ১৬:০৮ পিএম
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা। অভিনয়ের মায়াবী উপস্থিতি, চরিত্রের গভীরে প্রবেশ করার অসাধারণ দক্ষতা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রকে গর্বের সঙ্গে তুলে ধরার কৃতিত্বে তিনি আজও বাংলা সিনেমার স্বর্ণযুগের এক অনন্য প্রতিনিধি। শুধু দেশের দর্শকই নন, উপমহাদেশজুড়েও নিজের অভিনয়গুণে সমান জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। অস্কারজয়ী নির্মাতা সত্যজিৎ রায়ের চলচ্চিত্রে অভিনয় করে বিশ্ব চলচ্চিত্রে বাংলাদেশের নাম উজ্জ্বল করা এই কিংবদন্তি অভিনেত্রীর জন্মদিন আজ। ৭৪ বছরে পা রাখলেন তিনি।
ববিতার অভিনয়জীবনের শুরু শিশু শিল্পী হিসেবে ‘সংসার’ চলচ্চিত্রের মাধ্যমে। পরে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন ‘শেষ পর্যন্ত’ সিনেমায়। এরপর একের পর এক সফল চলচ্চিত্রে অভিনয় করে অল্প সময়েই তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে নেন। তবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় মোড় আসে ১৯৭৩ সালে, যখন উপমহাদেশের কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায় তার কালজয়ী চলচ্চিত্র ‘অশনি সংকেত’-এ অভিনয়ের জন্য ববিতাকে নির্বাচন করেন। দুর্ভিক্ষপীড়িত বাংলার প্রেক্ষাপটে নির্মিত সেই চলচ্চিত্রে তার অনবদ্য অভিনয় শুধু বাংলাদেশেই নয়, ভারতসহ পুরো উপমহাদেশে ব্যাপক প্রশংসা কুড়ায়। আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবেও ছবিটি সাফল্য অর্জন করে এবং ববিতা একজন আন্তর্জাতিক মানের অভিনেত্রী হিসেবে পরিচিতি পান।
জন্মদিন উপলক্ষে এবার পরিবারের সঙ্গে সময় কাটাতে গত ২৪ জুলাই কানাডার টরন্টোতে গেছেন ববিতা। সেখানে একমাত্র ছেলে অনিকের সঙ্গে জন্মদিন উদযাপন করবেন তিনি। জন্মদিনের পরদিন টরন্টো থেকেই যুক্তরাষ্ট্রের নর্থ হলিউডে অনুষ্ঠিতব্য ‘আনন্দমেলা অ্যাওয়ার্ড ও কালচারাল প্রোগ্রাম ২০২৬’-এ অংশ নিতে রওনা হবেন। আগামী ২ আগস্ট আয়োজিত অনুষ্ঠানে তাকে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’-এ সম্মানিত করা হবে। অনুষ্ঠান শেষে আয়োজকদের বিশেষ ডিনারেও অংশ নেবেন তিনি। এরপর কিছুদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করে আগামী ৫ আগস্ট আবার কানাডায় ফিরে যাবেন।
চলতি বছরটি ববিতার জীবনে বিশেষ গুরুত্ব বহন করছে। ২০২৬ সালে তিনি দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক লাভ করেছেন। পাশাপাশি ‘হুজ হু’ ও ‘মা পদক ২০২৬’-এও সম্মানিত হয়েছেন। এবার যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ গ্রহণ করতে যাচ্ছেন তিনি। তাই ২০২৬ সালকে নিজের জীবনের অন্যতম স্মরণীয় বছর বলেই মনে করছেন এই গুণী অভিনেত্রী।
এদিকে জন্মদিন উপলক্ষে ববিতাকে নিয়ে তৈরি হয়েছে বিশেষ গান ‘আওয়ার ড্রিম গার্ল’। ‘দ্য বেস্ট টুয়েন্টিফোর’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির কথা লিখেছেন সাংবাদিক ওমর ফারুক।
এদিকে জন্মদিনকে ঘিরে দর্শকদের জন্য বিশেষ আয়োজন করেছে মাছরাঙা টেলিভিশন। আজ রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘ববিতা সমগ্র’। অনুষ্ঠানটিতে ববিতার জন্ম থেকে শুরু করে দীর্ঘ অভিনয়জীবনের নানা অধ্যায়, ব্যক্তিগত জীবনের জানা-অজানা গল্প এবং বাংলা চলচ্চিত্রে তার অসামান্য অবদান তুলে ধরা হয়েছে।
বিশেষ এই আয়োজনে দেশের চলচ্চিত্র, সংগীত ও সাংস্কৃতিক অঙ্গনের অনেক গুণী শিল্পী ও তারকা অংশ নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেনÑ রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, আলমগীর, সোহেল রানা, আনোয়ারা, জয়া আহসান, সুচন্দা, চম্পা, আফজাল হোসেন এবং শাকিব খান। তারা ববিতাকে নিয়ে নিজেদের স্মৃতিচারণা করেছেন, জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসার কথা।
অনুষ্ঠানটি নিয়ে ববিতা বলেন, “যারা আমাকে ভালোবাসেন, তাদের জন্য এটি একটি বিশেষ উপহার। আমার জীবন ও কর্ম সম্পর্কে দর্শক নতুনভাবে অনেক কিছু জানতে পারবেন।”
পাঁচ দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে প্রায় তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন ববিতা। ‘নয়নমণি’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘মানুষের মন’, ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’, ‘আরকলি’সহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে তিনি দর্শকের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নিয়েছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা অর্জনের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনাতেও রেখেছেন সফলতার স্বাক্ষর। দেশের গণ্ডি পেরিয়ে উপমহাদেশ ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রকে মর্যাদার আসনে পৌঁছে দেওয়া এই কিংবদন্তি অভিনেত্রী জন্মদিনেও যেন নতুন করে মনে করিয়ে দিলেনÑ বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ববিতা কেবল একজন নায়িকাই নন, তিনি একটি গৌরবময় অধ্যায়ের নাম।