প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ১৭:১২ পিএম
মালাইকা চৌধুরী
মডেলিংয়ের পর অভিনয়েও ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করছেন মালাইকা চৌধুরী। একের পর এক নাটক ও ওয়েব কনটেন্টে ভিন্নধর্মী চরিত্রে হাজির হয়ে দর্শকের নজর কাড়ছেন এই তরুণ অভিনেত্রী। এবার নতুন এক রোমান্টিক নাটক নিয়ে আসছেন তিনি। নাটকের নাম ‘আমার রাজ্যে তুমি’।

সম্প্রতি নাটকটির পোস্টার নিজের সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন মালাইকা। পোস্টারের সঙ্গে তিনি লিখেছেন, ‘যদি ভালোবাসা আর ভাগ্য একে অন্যের বিপরীতে দাঁড়ায় আপনি কাকে বেছে নেবেন? ‘আমার রাজ্যে তুমি’, আসছে শিগগিরই ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে।’ তার এই পোস্ট প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে নাটকটি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
পোস্টারে মালাইকার সঙ্গে দেখা গেছে তৌসিফ মাহবুব ও কেয়া পায়েলকে। আকাশি নীল পটভূমিতে তিনটি চরিত্রের ভিন্ন ভিন্ন অভিব্যক্তি নাটকের গল্প নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
‘আমার রাজ্যে তুমি’ পরিচালনা করেছেন মাসরিকুল আলম। প্রযোজনা করেছেন আনোয়ারুল আলম সজল।

নাটকটির নাম ও পোস্টারের বার্তা থেকে ধারণা করা হচ্ছে, ভালোবাসা, ভাগ্য এবং সম্পর্কের টানাপড়েনকে কেন্দ্র করেই এগোবে এর গল্প। তবে নির্মাতারা এখনও গল্পের বিস্তারিত প্রকাশ করেননি।
সবকিছু ঠিক থাকলে শিগগিরই ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘আমার রাজ্যে তুমি’। পোস্টার প্রকাশের পর থেকেই নাটকটি নিয়ে দর্শকদের প্রত্যাশা বাড়ছে। বিশেষ করে মালাইকা চৌধুরীর নতুন লুক ও তার রহস্যময় ক্যাপশন ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।