মাহমুদা বিশ্বাস
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ১৬:১৫ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৬ ১৬:১৬ পিএম
সম্পর্ক, স্মৃতি আর ফিরে পাওয়ার আবেগকে কেন্দ্র করে নতুন ধারাবাহিক নিয়ে আসছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ‘এটা আমাদেরই গল্প’-এর সাফল্যের পর এবার ‘ফিরে আসার গল্প’ শিরোনামের এই নাটকে একঝাঁক জনপ্রিয় অভিনয়শিল্পীকে নিয়ে দর্শকদের জন্য সাজিয়েছেন নতুন আয়োজন। পুরনো সম্পর্ক, হারিয়ে যাওয়া অনুভূতি আর নিজের কাছে ফিরে আসার আবেগঘন কাহিনী নিয়ে নির্মিত এই ধারাবাহিক ইতোমধ্যেই দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে।
‘এটা আমাদেরই গল্প’-এর সাফল্যের ধারাবাহিকতায় নতুন এই ধারাবাহিকের প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। নাটকটির অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে জাহিদ হাসান ও সুমাইয়া শিমুর দীর্ঘদিন পর একসঙ্গে পর্দায় ফেরা। তাদের পাশাপাশি অভিনয় করবেন খায়রুল বাসার, তানজিম সাইয়ারা তটিনী, ফাইজুল ইয়ামিন ও দীপা খন্দকারসহ আরও অনেকে।
নাটকটির নামেই যেন লুকিয়ে রয়েছে এর মূল দর্শন। জীবনের নানা বাঁকে মানুষ কখনও প্রিয়জন, পরিবার, স্বপ্ন কিংবা নিজের অনুভূতি থেকে দূরে সরে যায়। কিন্তু সময়ের পরিক্রমায় একসময় সেই মানুষ, সম্পর্ক কিংবা স্মৃতির কাছেই আবার ফিরে আসতে হয়। সেই ফিরে আসার আবেগ, টানাপড়েন এবং মানবিক সম্পর্কের গল্প নিয়েই নির্মিত হচ্ছে ‘ফিরে আসার গল্প’।
নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানিয়েছেন, ‘ফিরে আসার গল্প’ মূলত এমন কিছু সম্পর্ক ও অনুভূতির কথা বলবে, যেগুলো থেকে দূরে সরে গেলেও মানুষ শেষপর্যন্ত সেখানেই ফিরে আসতে চায়। আমাদের জীবনের কিছু মানুষ, কিছু স্মৃতি এবং কিছু সম্পর্ক কখনও সত্যিকার অর্থে হারিয়ে যায় না। সময়ের সঙ্গে তারা দূরে সরে গেলেও একসময় ফিরে আসার গল্প তৈরি হয়। সেই আবেগই এই নাটকে তুলে ধরতে চাই।
তিনি আরও বলেন, ‘ফিরে আসা কখনও শুধু কোনো জায়গায় ফিরে আসা নয়; কখনও তা পুরনো সম্পর্কের কাছে, কখনও হারানো অনুভূতির কাছে, আবার কখনও নিজের কাছেই ফিরে আসার গল্প।”
এদিকে ‘এটা আমাদেরই গল্প’-এর বেশ কয়েকজন পরিচিত অভিনয়শিল্পীকেও দেখা যাবে নতুন ধারাবাহিকে। তাদের মধ্যে রয়েছেন খায়রুল বাসার, মনিরা আক্তার মিঠু, দীপা খন্দকার, ডা. এজাজুল ইসলাম, মাহমুদুল ইসলাম মিঠু, অদিতি জামান স্নেহা, মুকিত জাকারিয়া, এমএনইউ রাজু ও ডিকন নূর। ফলে আগের ধারাবাহিকের জনপ্রিয় মুখগুলোর পুনর্মিলনও দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠছে।
জানা গেছে, আগামী মাসে শুরু হবে ‘ফিরে আসার গল্প’-এর শুটিং। ধারাবাহিকটি প্রচারিত হবে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে।
ধারাবাহিকটির আবহকে আরও সমৃদ্ধ করতে তৈরি হয়েছে তিনটি গান। এর মধ্যে দুটি দ্বৈত গান এবং একটি গান থাকছে দুটি ভিন্ন সংস্করণে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন নাজমুন মুনিরা ন্যান্সি, আরফিন রুমি, ইমরান মাহমুদুল, দোলা রহমান, সজীব দাস ও পুলক অধিকারী।
টাইটেল গান ‘ওরে প্রিয়া রে’ লিখেছেন কবির বকুল। এতে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি ও ইমরান মাহমুদুল, আর সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ।
এ ছাড়া ‘ফিরে আসার গল্প’-এর আরেকটি টাইটেল সংস্করণে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি। গানটির সুর ও সংগীত পরিচালনাও তার করা। একই গানের আরেকটি সংস্করণে কণ্ঠ দিয়েছেন দোলা রহমান।
অন্যদিকে ‘প্রেমের কারিগর’ শিরোনামের গানটির কথা লিখেছেন সালাহউদ্দিন সাগর। সুর ও সংগীত পরিচালনা করেছেন সজীব দাস। গানটিতে কণ্ঠ দিয়েছেন সজীব দাস ও পুলক অধিকারী।