প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ১৪:৫৭ পিএম
ধ্রুব গুহ
সময় অনেক কিছুকেই পুরোনো করে দেয়। কিন্তু কিছু গান সময়ের গণ্ডি পেরিয়ে প্রজন্মের পর প্রজন্ম মানুষের হৃদয়ে বেঁচে থাকে। ধ্রুব গুহর কণ্ঠে জনপ্রিয় গান ‘যে পাখি ঘর বোঝেনা’ তেমনই এক কালজয়ী সৃষ্টি। মুক্তির এক দশক পরও শ্রোতাদের ভালোবাসা অটুট রেখে ইউটিউবে ১০০ মিলিয়ন (১০ কোটি) ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে গানটি। বাংলা গানের ডিজিটাল যাত্রায় এটি একটি উল্লেখযোগ্য অর্জন।
২০১৫ সালের ১৮ জুলাই ইউটিউবে প্রকাশিত হওয়ার পর থেকেই গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেয়। সময়ের সঙ্গে এর জনপ্রিয়তা কমেনি, বরং নতুন প্রজন্মের শ্রোতারাও গানটিকে নিজেদের প্লেলিস্টে স্থান দিয়েছেন। দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে দর্শক-শ্রোতাদের ভালোবাসা পেয়েই অবশেষে ১০০ মিলিয়ন ভিউয়ের ক্লাবে জায়গা করে নিল ‘যে পাখি ঘর বোঝেনা’।
গানটির কথা ও সুর করেছেন প্লাবন কোরেশি। সংগীতায়োজন করেছেন তারিক আল ইসলাম। আবেগঘন কথা, হৃদয়ছোঁয়া সুর এবং ধ্রুব গুহর মুগ্ধতা ছড়ানো কণ্ঠের সমন্বয় গানটিকে সময়ের সীমানা ছাড়িয়ে আজও সমান জনপ্রিয় করে রেখেছে।
গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। এতে অভিনয় করেছেন তারেক ও তারিন। পাশাপাশি ভিডিওতে ধ্রুব গুহর উপস্থিতিও দর্শকদের কাছে বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে। গল্পনির্ভর নির্মাণশৈলী ও নান্দনিক চিত্রায়ণের কারণে প্রকাশের পর থেকেই ভিডিওটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।
১০০ মিলিয়ন ভিউয়ের এই অর্জন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ধ্রুব গুহ বলেন, “এটি আমার সংগীতজীবনের অন্যতম আনন্দের মুহূর্ত। একটি গান যখন বছরের পর বছর ধরে মানুষের হৃদয়ে বেঁচে থাকে, তার চেয়ে বড় প্রাপ্তি একজন শিল্পীর জন্য আর কিছু হতে পারে না। এই ভালোবাসার জন্য দেশের এবং বিশ্বের সব বাংলা ভাষাভাষী শ্রোতা-দর্শকের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ। তাদের ভালোবাসা, সমর্থন ও অনুপ্রেরণাই আমাকে নতুন গান করার সাহস জোগায়। এই অর্জন শুধু আমার নয়, ‘যে পাখি ঘর বোঝেনা’ গানটির সঙ্গে যুক্ত প্রতিটি মানুষের।”
বাংলা গানের ডিজিটাল প্ল্যাটফর্মে ১০০ মিলিয়ন ভিউ অতিক্রম করা গানের সংখ্যা এখনো খুব বেশি নয়। সেই তালিকায় ‘যে পাখি ঘর বোঝেনা’র অন্তর্ভুক্তি ধ্রুব গুহর সংগীতজীবনে যেমন নতুন পালক যোগ করল, তেমনি সমসাময়িক বাংলা গানের বৈশ্বিক ডিজিটাল উপস্থিতিকেও আরও সমৃদ্ধ করল।
এক দশক পরও কোটি কোটি মানুষের প্লেলিস্টে সমানভাবে জায়গা ধরে রাখা ‘যে পাখি ঘর বোঝেনা’ আবারও প্রমাণ করল—ভালো গান কখনো পুরোনো হয় না; সময়ের সঙ্গে সঙ্গে তার আবেদন আরও গভীর হয়।