বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩ ১৪:২৪ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩ ১৪:৩৮ পিএম
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক ফারহান। সময়ের ব্যস্ততম এই অভিনেতা বছরের শুরুতেই নাটকে ব্যস্ত হয়ে পড়েছেন। এবার জুটি বেঁধেছেন অভিনেত্রী তানজিন তিশার সঙ্গে। সম্প্রতি এই জুটির নতুন নাটক মুক্তি পেয়েছে ইউটিউবে। নাটকের নাম ‘কঞ্জুস’। পরিচালনা করেছেন মহিদুল মহিম। পঞ্চাশ মিনিটের এই নাটকে তিশা ও ফারহানের খুনসুটি মুগ্ধ করেছে দর্শকদের।
গল্পে দেখা যায়, তিন মেয়ে নিয়ে তিশা-ফারহানের পাঁচজনের বড় সংসার। সেখানে ফারহান একজন কঞ্জুস চরিত্রের। যে কি না সব কিছুতেই শুধু হিসাব করে বেড়ায়। খাওয়া-দাওয়া থেকে শুরু করে সব কিছুতেই হিসাব। পয়সা খরচ হবে বলে আত্মীয়স্বজন কাউকেই তিনি বাসায় নিয়ে আসতে চান না। বিষয়টি তিশার কাছে বিরক্ত লাগলেও তার করার কিছু থাকে না। এভাবেই গল্প এগিয়ে যেতে থাকে।
নিজের নতুন নাটক নিয়ে ফারহান বলেন, ‘নাটকটির গল্প আমাকে প্রভাবিত করেছে। বর্তমান বাজারমূল্যের কথা মাথায় রেখেই কাজটি করা। প্রচারের পর ভালোই সাড়া পাচ্ছি। তবে আমার মনে হয় নাটকটি বেশ বড় সাফল্য পাবে।’
সরকার মিডিয়ার ইউটিউব চ্যানেলে নাটকটি ৩ জানুয়ারি দুপুরে মুক্তি দেওয়া হয়। মুক্তির পরপরই দর্শকদের প্রশংসায় ভরে ওঠে কমেন্ট বক্স। অনেকে ইতিবাচক মন্তব্য করলেও নেতিবাচক মন্তব্যও ছিল বেশ কিছু।