প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ১৬:১২ পিএম
মধুমিতা সরকার। ছবি: ফেসবুক থেকে
বাংলাদেশের দর্শকদের ভালোবাসা তিনি বহু আগেই পেয়েছেন। তবে সেই ভালোবাসার প্রতিদান দিতে বাংলাদেশের সিনেমায় কাজ করার অপেক্ষায় ছিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। দীর্ঘদিনের সেই অপেক্ষার অবসান ঘটছে এবার। নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের বড় পর্দায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। নতুন এই যাত্রা নিয়ে দারুণ উচ্ছ্বসিত অভিনেত্রী।

কলকাতা থেকে দেশের একটি গণমাধ্যমকে মধুমিতা সরকার বলেন, “আমি খুবই এক্সাইটেড কাজটি করার জন্য। অনেক বছর ধরেই বিভিন্ন কাজে বাংলাদেশে আসার কথা ছিল, কিন্তু নানা কারণে হয়ে ওঠেনি। অবশেষে সেই ইচ্ছেটা পূরণ হচ্ছে। শিগগিরই আমি বাংলাদেশে আসছি।”
তিনি জানান, সম্প্রতি সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। গল্প ও চরিত্র সম্পর্কে জানার পরই কাজটি করার সিদ্ধান্ত নেন। মধুমিতার ভাষায়, “গল্পটি অসাধারণ। চরিত্রটিও আমার খুব পছন্দ হয়েছে। কলকাতায় অনেক ধরনের চরিত্রে অভিনয় করেছি, কিন্তু এমন চরিত্র আগে করিনি। এতে অনেক স্তর রয়েছে, তাই কাজটি নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত।”

জানা গেছে, ‘গুলশানের চামেলি’ নির্মিত হচ্ছে রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে। গল্পের মূল চরিত্র একজন যৌনকর্মী, যিনি কোনো অপরাধ না করেও ক্ষমতার নির্মম খেলায় বারবার শিকার হন। ছবিটিতে প্রচলিত অর্থে কোনো নায়ক থাকছে না; পুরো গল্প আবর্তিত হবে একজন নারীকে ঘিরে। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বর বা ডিসেম্বরে শুরু হবে শুটিং।
বাংলাদেশে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মধুমিতা বলেন, বাংলাদেশের দর্শকদের ভালোবাসা তিনি ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের সময় থেকেই অনুভব করেছেন। সেই ভালোবাসার জন্য তিনি কৃতজ্ঞ এবং ভক্তদের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছেন।