প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ১৭:০৭ পিএম
ববিতা
বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের কিংবদন্তি অভিনেত্রী ববিতা। অভিনয়, সৌন্দর্য ও ব্যক্তিত্বে কয়েক দশক ধরে তিনি দর্শকের হৃদয়ে ‘ড্রিম গার্ল’ হয়ে আছেন। এবার সেই কিংবদন্তি অভিনেত্রীর জন্মদিনকে ঘিরেই নির্মিত হয়েছে এক ব্যতিক্রমী উপহারÑ তাকে উৎসর্গ করে বিশেষ জন্মদিনের গান ‘আওয়ার ড্রিম গার্ল’।
ববিতার জন্মদিন উপলক্ষে সাংবাদিক অভি মঈনুদ্দীনের উদ্যোগে ও সার্বিক তত্ত্বাবধানে নির্মিত হয়েছে বিশেষ এই গান। ‘আওয়ার ড্রিম গার্ল’ শিরোনামের গানটির কথা লিখেছেন সাংবাদিক ওমর ফারুক। সুর ও সংগীত পরিচালনা করেছেন শান সায়েক। ‘শানস ল্যাব’ স্টুডিওতে গানটিতে কণ্ঠ দিয়েছেন শান সায়েক, রাশেদ, শাপলা পাল, জয়, রাইসা ও তানজিন মিথিলা।
গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মো. সামছুল হুদা। চিত্রগ্রহণ করেছেন নাঈম। গত ২২ জুলাই রাজধানীর গুলশানে ববিতার বাসভবনে মিউজিক ভিডিওটির শুটিং সম্পন্ন হয়। এ সময় ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ‘লুকস’-এর পক্ষ থেকে জন্মদিনের বিশেষ উপহার তুলে দেওয়া হয়। শিল্পীদের সঙ্গে জন্মদিনের কেকও কাটেন ববিতা। ভিডিওতে গানের মাধ্যমে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার বর্ণাঢ্য কর্মজীবনের নানা দিক তুলে ধরা হয়েছে।
এ বিষয়ে ববিতা বলেন, ‘এক জীবনে আমাকে ঘিরে অনেক কিছুই হয়েছে। কিন্তু অভির উদ্যোগে জন্মদিনের গানÑ এটা সত্যিই একেবারেই ব্যতিক্রম একটি কাজ। ওমর ফারুকের লেখা, শানের সুরে শিল্পীদের কণ্ঠে আমাকে নিয়ে গাওয়া ‘আওয়ার ড্রিম গার্ল’ গানটি আমার এত ভালো লেগেছে যে এখনও বিশ্বাস হচ্ছে না আমাকে নিয়েই এমন একটি গান তৈরি হয়েছে। অভিসহ পুরো টিমের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা ও দোয়া রইল।’
শান সায়েক বলেন, ‘আমার জীবনের অন্যতম সেরা কাজÑ আওয়ার ড্রিম গার্ল।’ একই অনুভূতি প্রকাশ করেছেন রাশেদ, শাপলা পাল, জয়, রাইসা ও তানজিন মিথিলাও।
অভি মঈনুদ্দীন জানান, প্রায় পাঁচ-ছয় বছর ধরেই ববিতাকে নিয়ে জন্মদিনের গান তৈরির পরিকল্পনা চলছিল। অবশেষে তার সম্মতিতেই বাস্তবায়িত হয়েছে ‘আওয়ার ড্রিম গার্ল’। তিনি বলেন, ‘ববিতা আপাকে ঘিরে আমার একটি স্বপ্ন পূরণ হলো। প্রত্যেক শিল্পী অসাধারণ গেয়েছেন। সবার প্রতি আমি কৃতজ্ঞ।’ আগামী ৩০ জুলাই ববিতার জন্মদিন উপলক্ষে গানটি প্রকাশ পাবে ২৯ জুলাই রাতে।