প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১৩:২৫ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৬ ১৩:৫৩ পিএম
রুনা লায়লা। ছবি: আলিফ রিফাত।
উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী, সুরকার ও বাংলাদেশের গর্ব রুনা লায়লাকে প্রথমবারের মতো রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়। সম্মাননা গ্রহণের পর নিজের কালজয়ী সব গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন এই কিংবদন্তি শিল্পী।
অনুষ্ঠানে রুনা লায়লার হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন স্টালিন এবং একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন। আয়োজকরা জানান, অনুষ্ঠানের টিকিট বিক্রির সম্পূর্ণ অর্থ বন্যাদুর্গত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হবে।
সম্মাননা গ্রহণের পর অভিনেতা আফজাল হোসেনের উপস্থাপনায় শুরু হয় রুনা লায়লার একক সংগীত সন্ধ্যা। দেশের শহীদদের স্মরণে ‘দেশের জন্য যারা দিয়েছো প্রাণ, ভুলিনি আমরা’ গান দিয়ে পরিবেশনা শুরু করেন তিনি। এরপর একে একে পরিবেশন করেন ‘শিল্পী আমি তোমাদেরই গান শুনাবো’, ‘যখন থামবে কোলাহল’, ‘গানেরই খাতায় স্বরলিপি লিখে’, ‘যে জন প্রেমের ভাব জানে না’, ‘আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা’ এবং জনপ্রিয় লোকগান ‘বন্ধু তিনদিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না’।
নজরুল বর্ষ উপলক্ষে বিশেষভাবে প্রথমবারের মতো মঞ্চে পরিবেশন করেন নজরুলসংগীত ‘ভুলিতে পারিনি তাই আসিয়াছি পথ ভুলে’। পরে ‘অনেক বৃষ্টি ঝরে তুমি এলে’, ‘সাধের লাউ বানাইল মোরে বৈরাগী’ এবং শেষ পরিবেশনা হিসেবে গেয়ে শোনান বিশ্বজুড়ে সমাদৃত ‘দামাদম মাসকালান্দার’। প্রতিটি গানের সঙ্গে দর্শকদের করতালি, উচ্ছ্বাস আর কণ্ঠ মেলানোয় পুরো মিলনায়তন উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত অনেক দর্শকের জন্য এটি ছিল জীবনে প্রথমবার সরাসরি রুনা লায়লার গান শোনার অভিজ্ঞতা। শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের ভালোবাসা ও উচ্ছ্বাসে আপ্লুত ছিলেন কিংবদন্তি এই শিল্পী।
রুনা লায়লা বলেন, “দর্শকদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। তাদের ভালোবাসা আর অনুপ্রেরণাই আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মাননীয় মন্ত্রী-প্রতিমন্ত্রী, শিল্পকলার মহাপরিচালক, সচিব এবং আমার সঙ্গে থাকা সব সংগীতশিল্পীর প্রতি আন্তরিক ধন্যবাদ। একই সঙ্গে বন্যার্তদের সহায়তার জন্য এই আয়োজনে অংশ নেওয়া দর্শকদের প্রতিও আমি কৃতজ্ঞ। আশা করছি, খুব শিগগিরই শিল্পকলায় আবারও ‘আমার এক সন্ধ্যা’ আয়োজন হবে। তখন দর্শকদের আরও অনেক পছন্দের গান শোনাতে চাই।”
উল্লেখ্য, ‘বন্ধু তিনদিন’ গানটি পরিবেশনের সময় রুনা লায়লার সঙ্গে মঞ্চে কণ্ঠ মেলান বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন। অনুষ্ঠানের সমাপনী পর্বে রুনা লায়লা নিজ হাতে সহশিল্পী, সংগীতশিল্পী ও উপস্থাপক আফজাল হোসেনের হাতে শিল্পকলা একাডেমির পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন।