প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১২:৫৫ পিএম
‘হঠাৎ তুমি’ নাটকের মধ্য দিয়ে নতুন একটি
রোমান্টিক গল্প নিয়ে দর্শকের সামনে আসছেন সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। নাটকপ্রেমীদের কাছে এই জুটির রসায়ন বরাবরই প্রশংসিত। আবেগঘন
গল্প, স্বাভাবিক অভিনয় আর পর্দায় সহজাত উপস্থিতির কারণে তারা আলাদাভাবে যেমন দর্শকের
আস্থা অর্জন করেছেন,
তেমনি একসঙ্গে অভিনয় করলেও তৈরি করেছেন একাধিক আলোচিত কাজ।
বর্তমান সময়ের ব্যস্ত অভিনেতাদের একজন মুশফিক আর ফারহান।
রোমান্টিক, পারিবারিক, কমেডিয়ান কিংবা আবেগনির্ভর গল্পÑ সব ধরনের চরিত্রেই নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন তিনি। অন্যদিকে
কেয়া পায়েলও তরুণ প্রজন্মের দর্শকের কাছে সমান জনপ্রিয়। স্বাভাবিক অভিনয়, প্রাণবন্ত
অভিব্যক্তি এবং চরিত্রের সঙ্গে সহজে মিশে যাওয়ার ক্ষমতার কারণে নাটকের নির্মাতাদের
পছন্দের তালিকায় রয়েছেন তিনি। গত কয়েক বছরে দুজনই নিয়মিত দর্শকপ্রিয় একাধিক নাটকে
অভিনয় করে নিজেদের অবস্থান আরও শক্ত করেছেন।
এবার এই জনপ্রিয় জুটিকে দেখা যাবে নতুন নাটক ‘হঠাৎ
তুমি’-তে। নির্মাতা
রাইয়ান মাহবুব পরিচালিত নাটকটি আজ ২৫ জুলাই বেলা ৩টায় বাংলাভিশন ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
প্রকাশিত পোস্টারে ঐতিহ্যবাহী পোশাকে ফারহান ও কেয়া পায়েলের হাস্যোজ্জ্বল উপস্থিতি
নাটকটির রোমান্টিক আবহের ইঙ্গিত দিয়েছে। নাটকটি
প্রযোজনা করেছে
এসএমসি প্লাস ইলেক্ট্রোলাইট পানীয়। নাটকটির গল্প ও পরিচালনা করেছেন রাইয়ান মাহবুব।
চিত্রনাট্য লিখেছেন আবু আইয়ুব সিদ্দিকী। সংগীত পরিচালনায় রয়েছেন রেহান। চিত্রগ্রহণ করেছেন বিকাশ সাহা, সম্পাদনা করেছেন আলেক্স জুবিল।
মুশফিক আর ফারহান ও কেয়া পায়েলের জুটি এর আগেও দর্শকের কাছে
প্রশংসিত হয়েছে। সেই ধারাবাহিকতায় ‘হঠাৎ তুমি’ নিয়েও দর্শকের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক
মাধ্যমে নাটকটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। এখন অপেক্ষা, গল্প
ও অভিনয়ের মাধ্যমে নতুন এই নাটক দর্শককে কতটা মুগ্ধ করতে পারে।