× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন মিশনে শাকিব খান

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ ১৮:৩৯ পিএম

নতুন মিশনে শাকিব খান

বাংলাদেশের চলচ্চিত্রে যখনই বড় কোনো উৎসবকে ঘিরে নতুন সিনেমার আলোচনা শুরু হয়, তখনই সবার আগে উচ্চারিত হয় একটি নামÑ শাকিব খান। দুই দশকেরও বেশি সময় ধরে নিজের তারকাখ্যাতি ধরে রাখা এই অভিনেতা এখন শুধু জনপ্রিয় নায়ক নন, দেশের চলচ্চিত্র ব্যবসারও অন্যতম প্রধান চালিকাশক্তি। সময়ের সঙ্গে নিজেকে বদলে নেওয়া, নতুন নির্মাতাদের সুযোগ দেওয়া এবং ভিন্নধর্মী গল্পে কাজ করার প্রবণতা তাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক আলোচিত ও ব্যবসাসফল সিনেমার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন, দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখনও তিনিই। সেই ধারাবাহিকতায় এবার ঈদুল ফিতর ২০২৭-এর জন্য নতুন সিনেমা ‘নিঃস্ব’-এর ঘোষণা দিয়ে আবারও আলোচনায় শাকিব খান।

সম্প্রতি প্রকাশিত পোস্টারে সিনেমাটির নাম ‘নিঃস্ব’ নিশ্চিত করা হয়েছে। এতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন শাকিব খান। সিনেমাটি পরিচালনা করবেন মেহেদী হাসান হৃদয়। এটি হবে শাকিব খান ও এই নির্মাতার দ্বিতীয় যৌথ কাজ। প্রতিশোধ, অ্যাকশন ও রোমান্স ঘরানার গল্পে নির্মিত হতে যাওয়া সিনেমাটি ২০২৭ সালের ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিত হচ্ছে।

প্রকাশিত পোস্টারে শাকিব খানকে দেখা গেছে পরিপাটি, আত্মবিশ্বাসী এবং স্টাইলিশ এক লুকে। গাঢ় রঙের ব্লেজার ও লাল শার্টে তার উপস্থিতি যেন নতুন এক চরিত্রের ইঙ্গিত দিচ্ছে। যদিও গল্প কিংবা অন্যান্য শিল্পীর নাম এখনও প্রকাশ করা হয়নি, তবু ঘোষণার পর থেকেই সামাজিক মাধ্যমে সিনেমাটি নিয়ে শুরু হয়েছে আলোচনা। বিশেষ করে ‘বরবাদ’-এর পর মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে শাকিব খানের দ্বিতীয় কাজ হওয়ায় দর্শকদের প্রত্যাশাও বেড়েছে।

গত কয়েক বছরে শাকিব খান নিজের ক্যারিয়ারকে নতুনভাবে সাজিয়েছেন। ‘তুফান’ দিয়ে দেশ-বিদেশে আলোচনার ঝড় তোলার পর তিনি ধারাবাহিকভাবে বড় বাজেট ও ভিন্নধর্মী গল্পের সিনেমায় কাজ করছেন। এরপর ‘বরবাদ’ দিয়ে অ্যাকশনধর্মী চরিত্রে প্রশংসা কুড়িয়েছেন। সর্বশেষ ‘রকস্টার’ সিনেমাতেও তার ভিন্নরকম উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে। বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি চরিত্র নির্বাচনেও যে তিনি এখন আরও সচেতন, সেটি তার সাম্প্রতিক কাজগুলোই প্রমাণ করছে।

‘নিঃস্ব’ শুধু আরেকটি নতুন সিনেমার ঘোষণা নয়, বরং শাকিব খানের ক্যারিয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনাও হতে পারে। নতুন নির্মাণ, বড় ক্যানভাস এবং উৎসবকেন্দ্রিক মুক্তির পরিকল্পনাÑ সবকিছু মিলিয়ে এখন থেকেই সিনেমাটি ঘিরে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। দর্শকদের অপেক্ষা এখন একটাই, ‘নিঃস্ব’ কতটা নতুনভাবে পর্দায় হাজির করবেন ঢালিউডের এই সুপারস্টার।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা