× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিভিউ

মাস্তুল : জল ও জীবনের আখ্যান

হাসনাত মোবারক

প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১৫:১৬ পিএম

আপডেট : ২১ জুলাই ২০২৬ ১৬:০৭ পিএম

মাস্তুল : জল ও জীবনের আখ্যান

আষাঢ় শেষের অতিবৃষ্টির চাপ সামলাতেই হিমশিম নগরবাসী। রাজধানীতে এই রেশ কাটতে না কাটতেই ১৪ জুলাই দিনভর চলল সড়ক অবরোধ। আর ওই অচল অবস্থাতেই সেদিন সন্ধ্যায় ঢাকার উত্তর-পূর্ব কোণ থেকে রওনা দিই ধানমণ্ডির দিকে। উদ্দেশ্য মোহাম্মদ নুরুজ্জামান পরিচালিত সিনেমা ‘মাস্তুল’-এর প্রিমিয়ার শো দেখব। ভাগ্য প্রসন্ন, আয়োজকবৃন্দ প্রদর্শনীটি চালু করেন নির্ধারিত সময় থেকে এক ঘণ্টা পিছিয়ে। তাই সিনেমাটি পর্দায় ভেসে ওঠার পর থেকে শেষ হওয়া পর্যন্ত এক অন্যরকম অভিজ্ঞতা লাভ করি।

সেই গল্পই এখন বলছি। হলরুম ভর্তি দর্শক। রিলে হচ্ছে সিনেমা। জলের শব্দ। পর্দায় বন্দরের কোলাহল। বিস্ময়াভিভূত অডিয়েন্স। দর্শকদের মধ্যে চলছিল পিনপতন নীরবতা। হঠাৎ আবেগঘন কোনো মুহূর্ত পর্দায় এলেই দর্শক সারিতে শোনা যায়, আহাজারি। 

জ্বালানি তেলবাহী একটি জাহাজে কর্মরত কয়েকজন পেশাজীবীকে ঘিরে এই গল্প। জীবনঘনিষ্ঠ কাহিনী। যা নদীমাতৃক বাংলাদেশের অধিকাংশ মানুষের দেখা গল্প। জাহাজে তেল চুরি হয়, দুর্বলের ওপর সবলের আঘাত। বন্দরে বেশ্যাবৃত্তিও চলে। সেখানে অনেকেই যায়। এই সিনেমার মধ্যেও সেই গল্প আছে। গল্পের মধ্যে ছোট ছোট অসংখ্যক গল্পের সন্নিবেশে সমাপ্তি ঘটেছে ৯৪ মিনিটের এই সিনেমাটি। অন্য আর দশটি সিনেমা থেকে এই ফিচার ফিল্মটি কেন ব্যতিক্রম! হ্যাঁ, আমরা যেহেতু অভ্যস্ত সিনেমায়Ñ গান, ফাইটিং অতঃপর প্রতিশোধের মাধ্যমে যবনিকা টানা দেখতে। মাস্তুলে সেটি নেই। সম্পূর্ণ ব্যতিক্রম ঘরনার নির্মাণ এটি।

শো শেষে অডিয়েন্সের মুখোমুখি হয়েছিলেন, পরিচালকসহ সিনেমাটির অভিনেতারাও। সিনেমার বাবুর্চি চরিত্রের অভিনয় করেন ফজলুর রহমান বাবু। ঘর-সংসারহীন বৃদ্ধ বাবুর্চি। রান্না আর অবসরে মনের সুখে বাঁশি বাজাতেই যার আনন্দ। তিনি এখানে অত্যধিক মানবিক মানুষ। সকলের জন্য সর্বদা মঙ্গল কামনা করেন। অথচ তার সঙ্গে নির্দয় ব্যবহার করেন সুকানি। সুকানি চরিত্রে অভিনয়ে ছিলেন দীপক সুমন। 

সুকানিকে কেন শাস্তি দেওয়া হয়নি? এমন প্রশ্ন করেন এক দর্শক। জবাবে অভিনেতা ফজলুর রহমান বাবু বলেন, ‘আপনার কাছে যখন প্রতিবাদ করার ভাবনাটি এসেছে, ধরে নেন, এটাই বড় প্রতিবাদ।’ 

একটি সিনেমা দেখার পর যখন নানান প্রশ্ন মাথায় উদয় হবে; তখন ধরে নিতে হবে সিনেমা দর্শকের মস্তিষ্কে অণুরণন ঘটাতে পেরেছে। এই সিনেমাটিও তাই। যেমন খল চরিত্রে অভিনয় করা দীপক সুমনের প্রতি আপনার প্রবল ঘৃণা জন্মাবে। আপনার মনে হতে থাকবে, আচ্ছা বৃদ্ধ বাবুর্চি বন্দর থেকে যে পথশিশুটি নিয়ে এলো। তার প্রতি সুকানির এতো আক্রোশ কেন? ছোট্ট এই বাচ্চার সঙ্গে সুকানিরই বা কি সংযোগ? 

এ রকম অসংখ্যক অব্যক্ত বিষয়ে সামনে আসবে সিনেমাটি দেখার পর। ভাবনা উদ্রেক করা এই সিনেমার চিত্রনাট্য ও নির্মাতাকে প্রশ্ন করা হয়, এই সিনেমার গল্প নির্মাণের প্রেক্ষাপট ও সময়সীমা প্রসঙ্গে। তখন তিনি বলেন, ‘আমার বয়স পঁয়তাল্লিশ, ধরে নেন, এটি আমার সারাজীবনের জমানো গল্প। যা মাথা নিয়ে ঘুরেছি।’ এখানেই পরিচালক সম্ভবত একটু বেশি আবেগপ্রবণতা দেখিয়েছেন। সিনেমাতে জাহাজটি যে বন্দরে ভিড়ানো হয়েছে, সেটি নারায়ণগঞ্জ। বন্দরের নামটি না দেখালে সেটি হয়ে উঠত সমগ্র বাংলাদেশের নদীবন্দরের গল্প। এখানে একটু মুন্সিয়ানা খাটানো যেত। আর ভিডিও ধারণও ছিল একটু মন্থর। তাছড়া সিনেমার শব্দগ্রহণ, ডিটেইল উপস্থাপনায় শৈলী দর্শকদের মুগ্ধ করে।

সিনেমাতে মাস্টার চরিত্রে অভিনয় করেন, আমিনুর রহমান মুকুল। তার অভিনয় দক্ষতা এবং বাচনভঙ্গিতে বিন্দু পরিমাণ কৃত্রিমতার আভাস দেখা যায়নি। এই চলচ্চিত্রে অন্যান্য চরিত্রে আছেনÑ সিফাত বন্যা, আরিফ হাসানসহ আরও অনেকে।

১৭ জুলাই থেকে দেশের পাঁচটি প্রেক্ষাগৃহে চলছে মাস্তুল। নির্মাতা জানান, প্রথম সপ্তাহে রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় প্রতিদিন দুটি শো চলবে। একইভাবে স্টার সিনেপ্লেক্স নারায়ণগঞ্জ শাখাতেও থাকবে প্রতিদিন দুটি শো। এ ছাড়া যমুনা ব্লকবাস্টার, লায়ন্স সিনেমা এবং নারায়ণগঞ্জ সিনেস্কোপেও চলছে সিনেমাটি। এর আগে গত বছর ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্থান করে নেয় ‘মাস্তুল’। সেখানে ছবিটি অর্জন করে ‘স্পেশাল মেনশন’ সম্মাননাÑ যা বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রের জন্য একটি উল্লেখযোগ্য আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা