প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ১৪:৫৮ পিএম
ফররুখ আহমেদ রেহান
ছোটপর্দায় অল্প সময়েই নিজের অভিনয় দিয়ে দর্শকের নজর কেড়েছেন মডেল ও তরুণ অভিনেতা ফররুখ আহমেদ রেহান। নাটক ও ইউটিউব ফিল্মে প্রশংসা পাওয়ার পর এবার বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। নির্মাতা রায়হান রাফীর নতুন সিনেমা ‘আন্ধার’ দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করছেন এই অভিনেতা। আর ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পরপরই আনুষ্ঠানিকভাবে সিনেমাটির প্রচারণা শুরু হওয়ার কথা রয়েছে।
টাঙ্গাইলের সন্তান ফররুখ আহমেদ রেহান খুব অল্প সময়েই অভিনয়জগতে নিজের একটি আলাদা পরিচয় তৈরি করেছেন। অভিনয়ের শুরু থেকেই তিনি বেশ কয়েকটি প্রশংসিত নাটকে অভিনয় করে দর্শকের ভালোবাসা অর্জন করেছেন। সর্বশেষ ঈদে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ইউটিউব ফিল্ম ‘অভিযান’-এ নিজের চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি।
তবে এবার সুমন, শাকিব ও আদনানের গল্পে নির্মিত এই সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হচ্ছে তার। সিনেমাটিতে রেহান অভিনয় করেছেন আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, গাজী রাকায়েতসহ দেশের একঝাঁক গুণী শিল্পীর সঙ্গে।
অনুষ্ঠিত হয়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল। ম্যাচ শেষ হওয়ার পরই শুরু হওয়ার কথা ‘আন্ধার’-এর প্রচারণা। যদিও সিনেমাটির কিছু কাজ এখনও বাকি থাকায় এত দিন বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চাননি রেহান।
নিজের প্রথম সিনেমা প্রসঙ্গে রেহান বলেন, ‘আন্ধার আমার অভিনীত প্রথম সিনেমা। গল্প কিংবা আমার চরিত্র নিয়ে এখনই কিছু বলতে পারছি না। তবে এটুকু বলতে পারি, রায়হান রাফী ভাই একজন মেধাবী ও পরীক্ষিত নির্মাতা। আমার বিশ্বাস, সিনেমাটি দর্শকের ভালো লাগবে। সবচেয়ে বড় বিষয় হলো, এত গুণী শিল্পীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আমি এখনও নতুন, তাই তাদের কাছ থেকে প্রতিনিয়ত শেখার চেষ্টা করছি।’
সিনেমাটির অন্যতম গল্পকার শাকিব চৌধুরী জানান, হিমেল চরিত্রটির জন্য তারা একেবারে নতুন একটি মুখ খুঁজছিলেন। তার ভাষায়, ‘আমরা এমন একজনকে চেয়েছিলাম, যাকে দর্শকের সামনে একেবারে নতুনভাবে উপস্থাপন করা যাবে। রায়হান রাফী রেহানকে অনেক খুঁজে বের করেছেন। আমার বিশ্বাস, আন্ধার মুক্তির পর দর্শক তাকে নতুনভাবে চিনবে।’
সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে মুক্তি পাবে আন্ধার। সিনেমাটির মাধ্যমে বড়পর্দায় নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়ে দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেবেনÑ এমন প্রত্যাশাই করছেন রেহানের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।