পূজা চেরি
রুপালি পর্দায় নিজের অভিনয়, প্রাণবন্ত উপস্থিতি এবং ধারাবাহিক সাফল্যের মাধ্যমে অল্প সময়েই দর্শকদের প্রিয় মুখ হয়ে উঠেছেন চিত্রনায়িকা পূজা চেরি। শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও এখন তিনি দেশের চলচ্চিত্রের নতুন প্রজন্মের অন্যতম আলোচিত নায়িকা।
অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও মাঝেমধ্যে আলোচনায় আসেন এই অভিনেত্রী। এবারও তাকে ঘিরে শুরু হয়েছে নতুন গুঞ্জনÑ শোনা যাচ্ছে, ২০২৪ সালের শেষ দিকে বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন প্রবাসীর সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন পূজা। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি তিনি বা তার পরিবারের কেউ।
বিনোদন অঙ্গনের একাধিক সূত্রের বরাতে এমন তথ্য প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে কৌতূহল। অনেকেই জানতে চেয়েছেন, কে সেই ব্যক্তি, যার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
তবে বাগদানের বিষয়টি পুরোপুরি নতুন নয়। এর আগেও এক সাক্ষাৎকারে পূজা চেরি নিজেই জানিয়েছিলেন, তিনি এনগেজড। একই সঙ্গে তিনি বলেছিলেন, পারিবারিকভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান। তবে সে সময়ও বাগদত্তার পরিচয় প্রকাশ করেননি তিনি।
ব্যক্তিগত জীবন সবসময়ই আড়ালে রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন পূজা চেরি। প্রেম, সম্পর্ক কিংবা বিয়ে নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলতে দেখা যায় না তাকে। ফলে নতুন করে ছড়িয়ে পড়া এই গুঞ্জন নিয়েও এখন পর্যন্ত নীরব অবস্থান বজায় রেখেছেন অভিনেত্রী।
এদিকে শোবিজ অঙ্গনের অনেকের ধারণা, ব্যক্তিগত সম্পর্ককে জনসম্মুখে না আনতেই পূজা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করছেন না। তবে বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন প্রবাসীর সঙ্গে তার বাগদানের যে খবর ছড়িয়েছে, সেটি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। তাই নির্ভরযোগ্য কোনো প্রমাণ বা অভিনেত্রীর বক্তব্য না পাওয়া পর্যন্ত বিষয়টি গুঞ্জন হিসেবেই দেখছেন অনেকে।