প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ ১২:২৩ পিএম
বিদ্যা সিনহা মিম। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে।
দীর্ঘদিন ধরেই নিজেকে নতুনভাবে গড়ে তুলছেন বিদ্যা সিনহা মিম। ক্যারিয়ারের প্রতিটি ধাপে গল্পনির্ভর কাজকে প্রাধান্য দিয়ে তিনি প্রমাণ করেছেন, শুধু গ্ল্যামার নয়, অভিনয়ই তার সবচেয়ে বড় পরিচয়। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী সময়ের সঙ্গে নিজেকে আরও পরিণত করে তুলেছেন। বড়পর্দা, ওটিটি কিংবা বিজ্ঞাপনÑ সব মাধ্যমেই তার উপস্থিতি এখন সমানভাবে দর্শকের নজর কাড়ে। তাই নতুন কোনো কাজ নিয়ে হাজির হলেই তা ঘিরে তৈরি হয় আলাদা আগ্রহ।

দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়মিত কাজ করছেন মিম। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনেও তার উপস্থিতি দর্শকদের কাছে বরাবরই আকর্ষণীয়। সম্প্রতি গাজীপুরের একটি স্বনামধন্য রিসোর্টের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। বিজ্ঞাপনটির ভিডিও নিজের ফেসবুক পেজেও শেয়ার করেছেন এই অভিনেত্রী।
বিজ্ঞাপনটির শুটিং অভিজ্ঞতা নিয়ে মিম বলেন, ‘রিসোর্টটিতে গিয়ে আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে এর পরিবেশ এতটাই মনোমুগ্ধকর যে সেখানে গেলেই মন ভরে যায়। আশা করি দর্শকরাও বিজ্ঞাপনটি পছন্দ করবেন।’

এদিকে চলতি বছরের ঈদে মুক্তি পাওয়া সাইফ চন্দন পরিচালিত মালিক সিনেমায় অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন মিম। ছবিটিতে তার পরিমিত ও আবেগঘন অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। সেই সাফল্যের ধারাবাহিকতায় বাবা দিবস উপলক্ষে মুক্তি পাওয়া কাজী আসাদ পরিচালিত ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’-এও তিনি ভিন্নধর্মী এক উপস্থিতি নিয়ে দর্শকের সামনে আসেন।
লাইফলাইনে মিমের অভিনয় নিয়ে দর্শক ও সমালোচকদের প্রতিক্রিয়াও ছিল ইতিবাচক। অনেকের মতে, সময়ের সঙ্গে অভিনয়ে আরও পরিণত হয়েছেন তিনি। চরিত্রের গভীরে গিয়ে নিজেকে উপস্থাপনের দক্ষতা এখন আরও স্পষ্ট, যা তাকে নতুন ধরনের চরিত্রের জন্য আরও উপযুক্ত করে তুলেছে।

নতুন কাজ প্রসঙ্গে মিম বলেন, ‘প্রতিনিয়ত সিনেমা, ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজে অভিনয়ের প্রস্তাব পাচ্ছি। তবে আমি এমন গল্পেই কাজ করতে চাই, যা আমাকে স্পর্শ করবে এবং দর্শকের মনেও দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে। যেমনটা ‘পরাণ’, ‘মালিক’ ও ‘লাইফলাইন’-এর ক্ষেত্রে হয়েছে। একজন অভিনেত্রী হিসেবে নিজেকে আরও ভিন্নধর্মী চরিত্রে দেখতে চাই, আর সেই চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমি পুরোপুরি প্রস্তুত।’