সুজিত সজীব
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ২১:৩৭ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৬ ২২:০৮ পিএম
নির্মাতা ওং কার-ওয়াই। ছবি: সংগৃহীত
প্রচলিত অর্থে সিনেমা মানেই একটি গল্প। সেই গল্পে থাকে শুরু, সংঘাত, উত্তেজনা, ক্লাইম্যাক্স, পরিণতি। দর্শক দুই ঘণ্টা ধরে সেই গল্পের ভেতর দিয়ে হেঁটে শেষ দৃশ্যে পৌঁছায়।
কিন্তু কিছু নির্মাতা আছেন, যারা গল্প বলেন না; তারা অনুভূতি নির্মাণ করেন। তাদের সিনেমায় ঘটনা ঘটে, কিন্তু ঘটনাই মূল বিষয় নয়। চরিত্র থাকে, কিন্তু চরিত্রের চেয়েও বড় হয়ে ওঠে তাদের নীরবতা। ওং কার-ওয়াই সেই বিরল নির্মাতাদের একজন, যিনি চলচ্চিত্রকে কাহিনির গণ্ডি থেকে বের করে সময়, স্মৃতি এবং আবেগের এক স্বতন্ত্র ভাষায় রূপ দিয়েছেন।
আমার দেখা তার প্রথম সিনেমা “ হ্যাপি টুগেদার”। সিনেমা শেষ হওয়ার পর মনে হয়নি আমি একটি গল্প দেখলাম। বরং মনে হয়েছিল, বিচ্ছিন্ন দুই মানুষের সম্পর্কের ভাঙন, ফিরে আসার আকাঙ্ক্ষা এবং একে অপরকে হারিয়েও না-ভুলতে পারার যন্ত্রণা অনুভব করলাম। সেই মুহূর্ত থেকেই ওং কার-ওয়াইয়ের সিনেমা আমাকে গল্পের চেয়ে বেশি টানতে শুরু করে। এরপর একে একে দেখেছি অ্যা টিয়ার্স গো বাই, ডেজ অব বিয়িং ওয়াইল্ড, অ্যাশেস অব টাইম, ফলেন এঞ্জেলস, চুংকিং এক্সপ্রেসি, ইন দ্য মুড ফর লাভ।
আর প্রতিটি চলচ্চিত্র যেন একই সঙ্গে নতুন এবং একই নির্মাতার স্বাক্ষর বহন করে।
ওং কার-ওয়াইয়ের চলচ্চিত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য সম্ভবত সময়কে দেখার পদ্ধতি। সাধারণ চলচ্চিত্রে সময় একটি সরলরেখা। কিন্তু তার সিনেমায় সময় স্মৃতির মতো আচরণ করে। ইন দ্য মুড ফর লাভ -এর সেই বিখ্যাত করিডোরের দৃশ্যটি মনে করুন। ম্যাগি চিয়ুং ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নেমে আসছেন, হাতে একটি থার্মোস।
বিপরীত দিক থেকে আসছেন টনি লিয়ুং। দুজনের চোখাচোখি হয়, কিন্তু তারা প্রায় কিছুই বলেন না। দৃশ্যটি বারবার ধীরগতিতে ফিরে আসে। নাটকীয় কোনো ঘটনা ঘটে না, তবু দর্শক বুঝতে পারে—এই নীরবতার মধ্যেই জন্ম নিচ্ছে এক অসমাপ্ত সম্পর্ক। এখানে স্লো মোশন কেবল একটি প্রযুক্তিগত কৌশল নয়; এটি সময়কে দীর্ঘায়িত করে চরিত্রের অন্তর্জগতকে দৃশ্যমান করার ভাষা।
ওং কার-ওয়াইয়ের আরেকটি স্বাক্ষর হলো স্টেপ-প্রিন্টিং। বিশেষ করে চুংকিং এক্সপ্রেস কিংবা ফ্যালেন এঞ্জেলস -এ দেখা যায়, শহরের মানুষ দ্রুত ছুটে যাচ্ছে, আলো ঝাপসা হয়ে মিলিয়ে যাচ্ছে, অথচ কেন্দ্রীয় চরিত্রটি যেন সময়ের বাইরে স্থির হয়ে আছে। এই ভিজ্যুয়াল কৌশল বাস্তবতার প্রতিলিপি নয়; বরং চরিত্রের মানসিক অবস্থার অনুবাদ।
পৃথিবী দ্রুত বদলে যাচ্ছে, কিন্তু মানুষের একাকীত্ব একই জায়গায় আটকে আছে—এই অনুভূতি ক্যামেরার মাধ্যমেই প্রকাশিত হয়।
ক্যামেরার অবস্থানও তার চলচ্চিত্রের অন্যতম ভাষা। ফলেন এঞ্জলস-এ প্রায়ই অতিপ্রশস্ত ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করা হয়েছে। ফলে চরিত্রগুলো ফ্রেমের মধ্যে বিকৃত, বিচ্ছিন্ন এবং একা মনে হয়। আবার হ্যাপি টুগেদার-এ হ্যান্ডহেল্ড ক্যামেরার কাঁপুনি দুই মানুষের অস্থির সম্পর্ককে যেন দৃশ্যমান করে তোলে। এখানে ক্যামেরা দর্শকের চোখ নয়; চরিত্রের মানসিক অবস্থার অংশ।
সম্পাদনার ক্ষেত্রেও তিনি প্রচলিত ব্যাকরণ মানেন না। অনেক দৃশ্য হঠাৎ শুরু হয়, হঠাৎ শেষ হয়ে যায়। এক ঘটনার সঙ্গে আরেক ঘটনার সংযোগ সব সময় স্পষ্ট নয়। এই ইিলিপ্টিক্যাল এডিটিং দর্শককে বাধ্য করে ফাঁকগুলো নিজের অনুভূতি দিয়ে পূরণ করতে। ফলে সিনেমা আর একমুখী গল্প থাকে না; এটি দর্শকের অংশগ্রহণে সম্পূর্ণ হয়।
তার চলচ্চিত্রে সংলাপ কম, নীরবতা বেশি। কিন্তু সেই নীরবতা কখনো ফাঁকা নয়। ডেইজ অব বিয়িং ওয়াইল্ড-এ ইউডির চরিত্রটি যেমন নিজের জন্মপরিচয় খুঁজতে খুঁজতে এক অদ্ভুত শূন্যতায় হারিয়ে যায়। সেখানে বড় বড় সংলাপ নেই, আছে দীর্ঘ বিরতি, অপূর্ণ বাক্য, অসমাপ্ত দৃষ্টি। ওং কার-ওয়াই যেন বিশ্বাস করেন, মানুষ যা বলে তার চেয়ে অনেক বেশি লুকিয়ে রাখে।
এই চলচ্চিত্রভাষা নির্মাণে সিনেমাটোগ্রাফার ক্রিস্টোফার ডয়েল-এর অবদানও অনস্বীকার্য। তাদের যুগলবন্দি বিশ্ব চলচ্চিত্রে নতুন এক নান্দনিকতার জন্ম দিয়েছে। চলমান ক্যামেরা, প্রাকৃতিক আলো, নীয়ন আলোর প্রতিফলন, সংকীর্ণ ফ্রেম—সব মিলিয়ে তারা এমন এক দৃশ্যভাষা তৈরি করেছেন, যা এক ফ্রেম দেখেই চিনে নেওয়া যায়।
তিনি প্রমাণ করেছেন, সিনেমা কেবল ঘটনা বলার মাধ্যম নয়, অনুভূতির স্থপতিও হতে পারে। আর সেই কারণেই তার চলচ্চিত্র দেখার পর মনে হয়—একটি ভালো সিনেমা সব সময় একটি ভালো গল্পের ওপর দাঁড়ায় না; কখনও কখনও একটি অসমাপ্ত নীরবতাই হয়ে ওঠে তার সবচেয়ে বড় কাহিনি।