× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডলি জহুরের দিন আজ

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ১০:৫৭ এএম

আপডেট : ১৭ জুলাই ২০২৬ ২২:৩০ পিএম

অভিনেত্রী ডলি ডলি জহুর। ফাইল ছবি

অভিনেত্রী ডলি ডলি জহুর। ফাইল ছবি

সময় বদলায়, প্রজন্ম বদলায়, তবে কিছু শিল্পীর আবেদন কখনও ফুরায় না। তারা তাদের অভিনয়ের মধ্য দিয়ে হয়ে ওঠেন একটি সময়ের স্মৃতি, একটি সংস্কৃতির অংশ। ডলি জহুর সেই বিরল শিল্পীদেরই একজন। চলচ্চিত্র, টেলিভিশন নাটক কিংবা মঞ্চÑ সবখানেই তিনি নিজের অভিনয়গুণে এঁকেছেন অনন্য এক স্বাক্ষর। কখনও মমতাময়ী মা, কখনও দৃঢ়চেতা নারী, আবার কখনও জীবনের কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি হয়ে তিনি জয় করেছেন কোটি দর্শকের হৃদয়, নক্ষত্র। আজ এই বরেণ্য অভিনেত্রীর জন্মদিন। আজ ৭৩ বছরে পা রাখছেন তিনি।

অভিনয়জীবনের শুরু থেকেই ডলি জহুর নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন শক্তিশালী চরিত্রাভিনেত্রী হিসেবে। নায়িকা কিংবা পার্শ্বচরিত্রÑ কোনো পরিচয়ের গণ্ডিতে নিজেকে আটকে রাখেননি। বরং চরিত্রের গভীরতা, সংলাপের সাবলীলতা এবং স্বাভাবিক অভিনয়শৈলীর মাধ্যমে প্রতিটি কাজকে করেছেন স্মরণীয়। তার অভিনীত অসংখ্য নাটক ও চলচ্চিত্র আজও দর্শকের কাছে সমান জনপ্রিয়।

বাংলাদেশের চলচ্চিত্রে ডলি জহুরের অবদান অত্যন্ত সমৃদ্ধ। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘সন্তান যখন শত্রু’, ‘শঙ্খনীল কারাগার’, ‘আগুনের পরশমণি’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘দীপু নাম্বার টু’, ‘বিচার হবে’, ‘আনন্দ অশ্রু’, ‘নিরন্তর’, ‘ঘানি’, ‘দারুচিনি দ্বীপ’ এবং ‘মায়ের কসম’। প্রতিটি সিনেমাতেই তিনি চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে অভিনয় করেছেন, যা দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে ‘ঘানি’ চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। এই স্বীকৃতি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের অভিনয়শিল্পের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন নাটকেও ডলি জহুরের অবদান সমান উজ্জ্বল। অসংখ্য জনপ্রিয় নাটকে তিনি মা, দাদি, শিক্ষিকা কিংবা সমাজের বিভিন্ন স্তরের নারীর চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন। তার সংলাপ বলার স্বাভাবিক ভঙ্গি এবং চরিত্রের আবেগকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার ক্ষমতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। নতুন প্রজন্মের অনেক শিল্পীরাও তাকে অনুসরণ করেন একজন আদর্শ অভিনেত্রী হিসেবে।

সময়ের সঙ্গে তাল মিলিয়ে এখনও অভিনয়ে সমান সক্রিয় ডলি জহুর। সম্প্রতি তিনি দিলারা জামান ও আবুল হায়াতের সঙ্গে রাহাত কবির পরিচালিত ‘দাদি ভয়ংকর’ নাটকে অভিনয় করেছেন। 

শুধু অভিনয় নয়, ডলি জহুর বরাবরই নতুন শিল্পীদের উৎসাহ দিয়ে আসছেন। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলেছেন, ভালো গল্প, শক্তিশালী চিত্রনাট্য এবং চরিত্রের প্রতি আন্তরিকতাই একজন শিল্পীকে দীর্ঘ পথচলায় টিকিয়ে রাখে। তার এই দর্শনই হয়তো তাকে দশকের পর দশক ধরে দর্শকের ভালোবাসার কেন্দ্রবিন্দুতে রেখেছে।

বাংলাদেশের নাটক ও চলচ্চিত্রে ডলি জহুরের অবদান কেবল তার অভিনীত চরিত্রের মধ্যেই সীমাবদ্ধ নয়। তিনি প্রমাণ করেছেন, একজন শিল্পীর প্রকৃত পরিচয় তার নিষ্ঠা, অধ্যবসায় এবং কাজের প্রতি ভালোবাসায়। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন মুখ এসেছে, নতুন ধারা তৈরি হয়েছে, কিন্তু ডলি জহুরের অভিনয়ের আবেদন কখনও ফিকে হয়নি।

প্রজন্মের পর প্রজন্ম যিনি তার অভিনয়ের মুগ্ধতায় দর্শকদের আবেগাপ্লুত করেছেন, সেই ডলি জহুর নিঃসন্দেহে বাংলা অভিনয়জগতের এক অনন্য নাম, যার শিল্পসাধনা আগামী দিনেও অনুপ্রেরণা হয়ে থাকবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা