সঞ্জয় দেব
ফিফা বিশ্বকাপের এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সংগীতশিল্পী ও ডিজে সঞ্জয় দেব এবার দেশের দর্শকদের সামনে লাইভ পারফর্ম করতে যাচ্ছেন। বিশ্বকাপ ফুটবলের ফাইনালের দিন, ১৯ জুলাই, রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক পার্কে অনুষ্ঠিত ‘ফ্যান ফেস্ট ২.০’-এর সমাপনী আয়োজনে মঞ্চে উঠবেন তিনি। আয়োজকদের আশা, সঞ্জয়ের পরিবেশনা ফাইনাল ম্যাচের উন্মাদনায় নতুন মাত্রা যোগ করবে।
বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল উপলক্ষে ট্রিপল টাইম কমিউনিকেশনস আয়োজন করেছে ছয় দিনব্যাপী ‘ফ্যান ফেস্ট ২.০’। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এই আয়োজনে বড় পর্দায় সরাসরি খেলা দেখার পাশাপাশি থাকছে লাইভ কনসার্ট, ডিজে পারফরম্যান্স এবং নানা বিনোদনমূলক আয়োজন।
প্রথম সেমিফাইনালের দিন উৎসবের উদ্বোধন করেছেন ফিরোজ জং ও ডিজে সুমন। দ্বিতীয় সেমিফাইনালে পারফর্ম করবেন ব্ল্যাক জ্যাং ও ডিজে তন্ময়। আজ ১৬ জুলাই থাকছেন তাসনিম আনিকা ও ডিজে প্রিয়ন্তী, ১৭ জুলাই মঞ্চ মাতাবেন মিলা ইসলাম, ডিজে রিশাদ ও ডিজে তৃষা। ১৮ জুলাই ডিজে সানী। আর ফাইনালের দিন বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন সঞ্জয় দেব, সঙ্গে ডিজে জুডু।
ইতোমধ্যে অনলাইন প্লাটফর্ম টিকিট টুমরো-তে টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম দুই দিনের টিকিট ৫০০ টাকা, পরবর্তী তিন দিনের টিকিট ৩০০ টাকা এবং ফাইনাল ম্যাচের দিনের টিকিটের মূল্য রাখা হয়েছে ৭০০ টাকা।
শ্রীমঙ্গলে জন্ম নেওয়া সঞ্জয় দেবের বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে। বর্তমানে তিনি লস অ্যাঞ্জেলেসভিত্তিক ইডিএম প্রযোজক ও ডিজে। অরিজিৎ সিং, গুরু রন্ধাওয়া, সুনিধি চৌহান, নোরা ফাতেহি, হাবিব ওয়াহিদ, কনা ও জেফারসহ বহু শিল্পীর সঙ্গে কাজ করেছেন তিনি। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্যবাহী মোটিফখচিত পোশাক পরে পারফর্ম করে তিনি দেশ-বিদেশে ব্যাপক প্রশংসা কুড়ান।