× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুভ-কেয়ার শুভযাত্রা

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ১৫:৪২ পিএম

শুভ-কেয়ার শুভযাত্রা

অ্যাকশন তারকা আরিফিন শুভ ও ছোট পর্দার জনপ্রিয় মুখ কেয়া পায়েলÑ দুই প্রজন্মের দুই ভিন্নধারার শিল্পী। একজন বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন অভিনয়ের বৈচিত্র্য দিয়ে, অন্যজন নাটকে সাবলীল অভিনয় ও পর্দায় স্বতঃস্ফূর্ত উপস্থিতির কারণে অল্প সময়েই দর্শকের আস্থা অর্জন করেছেন। তবে এবার প্রথমবারের মতো একই ফ্রেমে দেখা যাবে এই দুই তারকাকে। চরকির নতুন ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’-এ জুটি বেঁধেছেন তারা। সিনেমাটা নির্মাণ করেছেন জাহিদ প্রীতম।

হ্যাপিলি ম্যারিড এর দৃশ্যে, আরিফিন শুভ ও কেয়া পায়েল

সম্প্রতি হলিউড সিরিজ ‘জ্যাজ সিটি’তে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় আসেন আরিফিন শুভ। ভারতীয় প্লাটফর্মে মুক্তি পাওয়া সিরিজটি দেশ-বিদেশের দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। চিরচেনা অ্যাকশন ইমেজের বাইরে গিয়ে সংযত অভিনয়, নতুন লুক এবং ভিন্নধর্মী সংলাপ উপস্থাপনার জন্য ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের রিভিউতেও বিশেষভাবে প্রশংসিত হন তিনি।

এর ধারাবাহিকতায় গেল ঈদে মুক্তি পায় শুভ অভিনীত অ্যাকশন চলচ্চিত্র ‘মালিক’। সিনেমাটি ঈদের আলোচিত ছবিগুলোর একটি হয়ে ওঠে। দীর্ঘদিন পর অ্যাকশন ঘরানায় ফিরে দর্শকদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পান এই অভিনেতা। এরপর ব্যক্তিগত সফরে প্রায় দুই সপ্তাহের জন্য অস্ট্রেলিয়ায় যান তিনি। দেশে ফিরে একাধিক নতুন সিনেমার গল্প শুনলেও পরবর্তী কাজ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

শুভ ও কেয়া

এর মধ্যেই এলো নতুন চমক। দীর্ঘ বিরতির পর আবারও চরকির কনটেন্টে ফিরছেন আরিফিন শুভ। এবার তার সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। জাহিদ প্রীতম পরিচালিত রোমান্টিক-কমেডি ঘরানার ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’ নির্মিত হচ্ছে চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের ব্যানারে, প্রযোজনায় রয়েছে ছবিয়াল।

নির্মাতা জাহিদ প্রীতম একটি গণমাধ্যমকে জানিয়েছেন, সমকালীন জীবনের জটিলতা, পারিবারিক সম্পর্কের চিরন্তন বন্ধন এবং সামাজিক মাধ্যমের প্রভাবÑ এই তিনটি বিষয়কে এক সুতোয় গেঁথে তৈরি হয়েছে ‘হ্যাপিলি ম্যারিড’-এর গল্প। তার ভাষায়, কাছাকাছি সময়ের দুই ভিন্ন মানসিকতার মানুষের জীবন, সম্পর্ক, পরিবার ও সমাজকে দেখার দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকবে এই ফিল্মে। দর্শকদের নতুনভাবে ভাবতে বাধ্য করাই তার মূল লক্ষ্য।

ফিল্মটিতে আনিস চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ। এতদিন দর্শক তাকে মূলত অ্যাকশন হিরো কিংবা শক্তিশালী পুরুষ চরিত্রে দেখেছেন। তবে এবার সেই পরিচিত ছক ভেঙে তাকে দেখা যাবে এক ‘সিগমা মেইল’ চরিত্রে-যিনি আত্মনির্ভরশীল, সংযত এবং নিজের মতো করে জীবনযাপন করেন। পাশাপাশি তিনি মফস্বলের একজন দায়িত্বশীল যুবক, যার জীবনের কেন্দ্রবিন্দু পরিবার, ছোট ভাইবোন এবং প্রিয় মানুষগুলো।

শুভ ও কেয়া

অন্যদিকে কেয়া পায়েল অভিনয় করছেন অনামিকা চরিত্রে। উচ্চবিত্ত ও আধুনিক শহুরে জীবনে অভ্যস্ত এই তরুণীর জীবন আবর্তিত হয় সোশ্যাল মিডিয়া, সেলিব্রিটি ফ্যান্টাসি এবং ভার্চুয়াল জগতের রঙিন স্বপ্নকে ঘিরে। বাস্তব ও ভার্চুয়াল জীবনের টানাপড়েন, সম্পর্কের সংকট এবং মানসিক দ্বন্দ্ব-সবকিছুর মধ্য দিয়ে এগিয়ে যাবে তার চরিত্রের যাত্রা।

গল্পের দুই প্রান্তে থাকা আনিস ও অনামিকার জীবনদর্শন, সম্পর্কের প্রতি দৃষ্টিভঙ্গি এবং সামাজিক বাস্তবতার সংঘাতই ‘হ্যাপিলি ম্যারিড’-এর মূল উপজীব্য। নির্মাতার বিশ্বাস, বিনোদনের পাশাপাশি সমকালীন সমাজ, সম্পর্কের পরিবর্তন এবং ডিজিটাল জীবনের প্রভাব নিয়ে দর্শকদের ভাবাবে এই ফিল্ম। প্রথমবারের মতো আরিফিন শুভ ও কেয়া পায়েলের জুটি কতটা দর্শকপ্রিয়তা পায়, সেটিই এখন দেখার অপেক্ষা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা