× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্যার্তদের পাশে দাঁড়াতে তারকাদের আহ্বান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬ ১৩:১৫ পিএম

বন্যার্তদের পাশে দাঁড়াতে তারকাদের আহ্বান

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেটসহ একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে যাওয়ায় লাখো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। এই দুর্যোগময় সময়ে বন্যাকবলিত মানুষের প্রতি সংহতি জানিয়ে এবং ত্রাণ সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শোবিজ অঙ্গনের কয়েকজন জনপ্রিয় তারকা।

অভিনেতা ইরফান সাজ্জাদ নিজের ফেসবুক পোস্টে চট্টগ্রাম অঞ্চলের ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরে লেখেন, ‘আমার চট্টগ্রাম ভালো নাই! বাঁশখালী, সাতকানিয়া, চকরিয়া, লোহাগাড়া, কক্সবাজার, বান্দরবান ভালো নাই! অথচ মেজর কোনো নিউজ নাই! কোনো আওয়াজ নাই! মানুষগুলো নীরবে মরে যাচ্ছে, কষ্ট পাচ্ছে, কবর থেকে লাশ ভেসে যাচ্ছে!’

তিনি আরও স্মরণ করিয়ে দেন, অতীতে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা হলে চট্টগ্রামের মানুষ সবার আগে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ঝাঁপিয়ে পড়েছিলেন। কিন্তু এবার নিজের এলাকার মানুষ বিপদে থাকলেও সেইভাবে সহযোগিতা চোখে পড়ছে না বলে আক্ষেপ করেন তিনি। পোস্টের শেষে আল্লাহর কাছে দুর্গত মানুষের জন্য রহমত কামনা করেন এই অভিনেতা।

অন্যদিকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দোয়া চেয়ে সামাজিক মাধ্যমে লিখেছেন, যারা প্রিয়জন, ঘরবাড়ি কিংবা জীবিকা হারিয়েছেন, আল্লাহ যেন তাদের ধৈর্য ও শক্তি দান করেন। একই সঙ্গে উদ্ধার ও ত্রাণকাজে নিয়োজিত ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীও বন্যাকবলিত মানুষের জন্য সহায়তার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা এখন পানির নিচে। হাজারো পরিবার ঘরছাড়া।

তার ভাষায়, ‘যারা ভালো আছেন, তারা সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন। এক প্যাকেট শুকনো খাবার বা এক বোতল পানিও এই মুহূর্তে একজন বন্যার্ত মানুষের জন্য অনেক বড় সহায়তা হতে পারে।’

প্রাকৃতিক এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সহমর্মিতা জানিয়ে তিন তারকাই সবাইকে মানবিক দায়িত্ব থেকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা