মাহমুদা বিশ্বাস
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬ ১৩:০৯ পিএম
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা নিজের স্বাভাবিক ও সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে আলাদা অবস্থান তৈরি করেছেন। রোমান্টিক, পারিবারিক কিংবা চ্যালেঞ্জিং— প্রতিটি চরিত্রেই তিনি নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেন। বর্তমানে চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত থাকলেও ভালো গল্প ও ব্যতিক্রমী চরিত্রের প্রতি তার আগ্রহ একটুও কমেনি। সেই ধারাবাহিকতায় এবার তিনি অভিনয় করেছেন এক বাকপ্রতিবন্ধী নারীর চরিত্রে, যা দর্শকের কাছে নতুনভাবে ধরা দিয়েছে।
গত ঈদে দর্শকমহলে প্রশংসিত নাটক ‘পারিজাতের জন্য ভালোবাসা’ এবার প্রকাশ পেয়েছে বাংলাভিশন ড্রামার ইউটিউব চ্যানেলে। কথাসাহিত্যিক আনিসুল হকের গল্প অবলম্বনে নাটকটি নির্মাণ করেছেন জুবায়ের ইবনে বকর। এতে তানজিন তিশার বিপরীতে অভিনয় করেছেন খায়রুল বাসার। জনপ্রিয় এই জুটিকে এর আগে ‘এক কাপ চা’, ‘সুলতান’, ‘বসন্তবৈরী’, ‘খুনসুটি’, ‘প্রণয় ফাল্গুনে’, ‘অবুঝ বায়না’, ‘ঘুণপোকা’, ‘দুষ্টু মিষ্টি প্রেম’, ‘ফান্দা’, ‘আসবে কি ফিরে’সহ একাধিক নাটকে দেখা গেছে। প্রতিবারের মতো এবারও তাদের রসায়ন দর্শকের নজর কেড়েছে।
নাটকটিতে আরও অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, কামরুন নাহার রুমা, শাহনেওয়াজ রিপন ও সোহেল হাসান।
নাটকটি নিয়ে তানজিন তিশা গণমাধ্যমকে বলেন, কিছু গল্প শুধু বিনোদন দেয় না, মানুষের জীবন ও অনুভূতি নিয়ে ভাবতেও শেখায়। তার মতে, ‘পারিজাতের জন্য ভালোবাসা’ এমনই একটি গল্প, যেখানে পরিচিত জীবনের নানা প্রতিচ্ছবি ফুটে উঠেছে। বিশেষ করে একজন বাকপ্রতিবন্ধী নারীর চরিত্রে অভিনয় করা ছিল তার জন্য বেশ চ্যালেঞ্জিং। তবে গল্প, চরিত্র ও নির্মাণের মান বিবেচনায় তিনি কোনো দ্বিধা ছাড়াই কাজটি করতে রাজি হন। তার বিশ্বাস, নাটকটি দর্শকের আনন্দের পাশাপাশি আবেগও ছুঁয়ে যাবে।
বর্তমানে ছোটপর্দায় তিশার উপস্থিতি আগের তুলনায় কম। কারণ বর্তমানে তিনি ‘সোলজার’ সিনেমার শেষ ধাপের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এই সিনেমায় প্রথমবারের মতো ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে দেখা যাবে তানজিন তিশাকে। শিগগিরই সিনেমাটির মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।