প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
জনপ্রিয় অভিনেতা খায়রুল বাশার নিজের স্বাভাবিক ও বাস্তবধর্মী অভিনয়ের জন্য দর্শকের কাছে আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। রোমান্টিক, পারিবারিক কিংবা ভিন্নধর্মীÑ সব ধরনের চরিত্রেই তিনি সহজ অভিনয়ে দর্শকের মন জয় করে চলেছেন। অন্যদিকে তানজিন তিশা দীর্ঘদিন ধরেই টেলিভিশন নাটকের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় মুখ। প্রাণবন্ত অভিনয়, সাবলীল সংলাপ আর পর্দায় দারুণ উপস্থিতির কারণে দর্শকের পছন্দের তালিকায় তার অবস্থান সব সময়ই শক্ত।
খায়রুল বাশার ও তানজিন তিশা এর আগেও কয়েকটি নাটকে একসঙ্গে কাজ করেছেন। প্রতিবারই তাদের রসায়ন দর্শকের নজর কেড়েছে। পর্দায় দুজনের স্বাভাবিক অভিনয় ও মানানসই জুটি নতুন কোনো নাটক এলেই দর্শকের আগ্রহ বাড়িয়ে দেয়। সেই ধারাবাহিকতায় এবারও তারা এক হয়েছেন নতুন নাটক ‘তুমি আমার’-এ।
মাহমুদুর রহমান হিমি পরিচালিত নাটকটি সম্প্রতি প্রকাশের পর থেকেই দর্শকের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছেন। রোমান্স ও আবেগঘন গল্পে নির্মিত এই নাটকে খায়রুল বাশার ও তানজিন তিশার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হচ্ছে। গল্পের আবহ, নির্মাণশৈলী এবং দুই প্রধান চরিত্রের রসায়ন মিলিয়ে নাটকটি ইতোমধ্যেই সামাজিক মাধ্যমেও আলোচনায় উঠে এসেছে।
প্রকাশের মাত্র দুই দিনের মধ্যেই নাটকটি ৫ লাখের বেশি দর্শক উপভোগ করেছেন। সেই সঙ্গে ইউটিউবের মন্তব্যের ঘরেও জমা পড়ছে অসংখ্য ইতিবাচক প্রতিক্রিয়া। অনেকেই বলছেন, অনেক দিন পর এমন একটি নির্মল প্রেমের গল্প দেখতে পেরে তারা মুগ্ধ হয়েছেন।
দর্শকের মন্তব্যেও ফুটে উঠেছে এই জুটির প্রতি ভালোবাসা। একজন লিখেছেন, ‘আপনারা দুজন বেশি বেশি নাটক করবেন। কারণ আপনাদের জুটি সত্যিই অসাধারণ।’ আরেকজন দর্শক লিখেছেন, ‘অনেক দিন পর সালমান শাহ ও শাবনূরের “তুমি আমার”-এর কথা মনে পড়ে গেল।’ এ ছাড়া অসংখ্য দর্শক শুভকামনা জানিয়ে এমন আরও সুন্দর গল্প নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।
মুক্তির পর অল্প সময়েই দর্শকের ভালোবাসা কুড়িয়ে নিয়েছে ‘তুমি আমার’। খায়রুল বাশার ও তানজিন তিশার পর্দার রসায়ন আবারও প্রমাণ করেছে, শক্তিশালী অভিনয় আর হৃদয়ছোঁয়া গল্প থাকলে একটি নাটক খুব অল্প সময়েই দর্শকের হৃদয়ে জায়গা করে নিতে পারে।