প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৪ ঘণ্টা আগে
নুসরাত ফারিয়া
নুসরাত ফারিয়া মানেই পর্দাজুড়ে প্রাণবন্ত উপস্থিতি। কখনও রোমান্টিক নায়িকা, কখনও সাহসী চরিত্র, আবার কখনও গানে-নাচে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। বড়পর্দার পাশাপাশি ওটিটি প্লাটফর্মেও নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন এই অভিনেত্রী। দুই বাংলায় একের পর এক কাজের মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করা ফারিয়া এবার যুক্ত হচ্ছেন নতুন একটি ওয়েব ফিল্মে।

জানা গেছে, আইস্ক্রিনের প্রযোজনায় নির্মিতব্য নতুন ওয়েব ফিল্ম ‘টুটুলের টাকা’-এ অভিনয় করবেন নুসরাত ফারিয়া। ‘বরবাদ’ খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় নির্মিত এই ওয়েব ফিল্মে একজন জনপ্রিয় চিত্রনায়িকার চরিত্রে দেখা যাবে তাকে। তবে ‘টুটুলের টাকা’ নামটি এখনও চূড়ান্ত নয়। নির্মাতা জানিয়েছেন, গল্পের প্রয়োজনে নাম পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে।
ওয়েব ফিল্মটি নিয়ে মেহেদী হাসান হৃদয় গণমাধ্যমকে বলেন, গল্প ও চরিত্রের ওপর বেশ কিছুদিন ধরেই কাজ চলছে। নুসরাত ফারিয়ার পাশাপাশি চঞ্চল চৌধুরী ও নাসিরউদ্দীন খানের সঙ্গেও আলোচনা হয়েছে। তবে কাস্টিং এখনও চূড়ান্ত হয়নি। সবকিছু ঠিকঠাক হলে দ্রুত শুটিং শুরু করা হবে এবং আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।

ওটিটিতে এর আগেও নুসরাত ফারিয়ার উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে। চরকিতে মুক্তিপ্রাপ্ত ‘পাতালঘর’ এবং জিফাইভের ‘ভয়’-এ তার অভিনয় প্রশংসিত হয়। এ ছাড়া পশ্চিমবঙ্গের ‘আবার প্রলয়’ সিরিজের ‘মেনোকা’ গানে পারফর্ম করেও আলোচনায় ছিলেন তিনি।
অভিনয়ের পাশাপাশি গানেও নিয়মিত ফারিয়া। সম্প্রতি তার গাওয়া ‘লোকে বলে’ গানটি ইউটিউবে অর্ধকোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে। পাশাপাশি তার গাওয়া আরও দুটি নতুন গানও প্রকাশের প্রস্তুতিতে রয়েছে।