মাহমুদা বিশ্বাস
প্রকাশ : ৪ ঘণ্টা আগে
পূর্ণিমা
বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে সৌন্দর্য, অভিনয় আর ব্যক্তিত্বÑ এই তিনের অনন্য সমন্বয়ের নাম দিলারা হানিফ পূর্ণিমা। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলেছে, কিন্তু পূর্ণিমার আবেদন যেন একটুও ফিকে হয়নি। আজও তার মায়াবী হাসি, প্রাণবন্ত উপস্থিতি এবং পর্দার ক্যারিশমা মুগ্ধ করে অসংখ্য দর্শককে। নব্বই দশকের শেষভাগে চলচ্চিত্রে যাত্রা শুরু করলেও আজও তিনি তরুণদের কাছে সমান জনপ্রিয়। সামাজিক মাধ্যমেও তার প্রতিটি ছবি ও পোস্ট ঘিরে ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো।
অভিনয়ের পাশাপাশি ফেসবুকেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। নিয়মিত নিজের নতুন ছবি, পারিবারিক মুহূর্ত, বিভিন্ন অনুষ্ঠান ও কাজের আপডেট ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। তার প্রতিটি পোস্টেই হাজার হাজার লাইক, মন্তব্য ও শুভকামনার বন্যা বইতে দেখা যায়, যা তার দীর্ঘদিনের জনপ্রিয়তারই প্রমাণ।
আজ এই জনপ্রিয় অভিনেত্রীর জন্মদিন। প্রতি বছর বিশেষ এই দিনে ভক্ত, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভাসেন তিনি। সামাজিক মাধ্যম জুড়েও চলে তাকে ঘিরে শুভেচ্ছা বার্তার ঢল।
দীর্ঘ অভিনয়জীবনে পূর্ণিমা দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র। রোমান্টিক থেকে পারিবারিকÑ বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে তিনি নিজের বহুমাত্রিক প্রতিভার স্বাক্ষর রেখেছেন। চলচ্চিত্রের পাশাপাশি উপস্থাপনা, টেলিভিশনের বিশেষ আয়োজন এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডেও নিয়মিত দেখা যায় তাকে।
সময় বদলেছে, বদলেছে চলচ্চিত্রের ধারা। তবে পূর্ণিমার জনপ্রিয়তা যেন সময়ের সীমানা পেরিয়ে আজও একইভাবে উজ্জ্বল। নতুন প্রজন্মের কাছেও তিনি অনুপ্রেরণার এক নাম। জন্মদিনে ভক্তদের এমনই প্রত্যাশা যে, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আরও দীর্ঘ সময় অভিনয় ও উপস্থিতি দিয়ে মুগ্ধ করে যান সবার হৃদয়।