মাহমুদা বিশ্বাস
প্রকাশ : ২ ঘণ্টা আগে
কখনও নিখুঁত অভিনয়ে, কখনও বা অনবদ্য ফ্যাশন সেন্সেÑ জয়া আহসান বারবার প্রমাণ করেছেন তিনি শুধু একজন অভিনেত্রীই নন, বরং দুই বাংলার দর্শকের কাছে এক অনন্য সাংস্কৃতিক আইকন। চরিত্রের গভীরে ডুবে যাওয়ার অসাধারণ দক্ষতা, গল্প নির্বাচনে সাহসী সিদ্ধান্ত এবং পর্দায় স্বতন্ত্র উপস্থিতি তাকে সমসাময়িক অভিনেত্রীদের ভিড়ে আলাদা উচ্চতায় পৌঁছে দিয়েছে। বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে পশ্চিমবঙ্গের চলচ্চিত্রেও সমান সাফল্যের সঙ্গে নিজের অবস্থান গড়ে তোলা এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী এখন প্রতিটি নতুন কাজ দিয়েই বাড়িয়ে চলেছেন দর্শকের প্রত্যাশা।
সম্প্রতি কাজের ব্যস্ততাও কম নয় এই অভিনেত্রীর। বাংলাদেশের পাশাপাশি কলকাতার একাধিক সিনেমা ও ওটিটি প্রকল্পে নিয়মিত কাজ করছেন তিনি। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও তার অভিনীত সিনেমা প্রশংসা কুড়িয়েছে। চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙে নতুনভাবে গড়ে তোলার ক্ষমতা এবং ভিন্নধর্মী গল্প বেছে নেওয়ার সাহস জয়াকে সমসাময়িক অভিনেত্রীদের মধ্যে আলাদা করে তুলেছে। ফলে নতুন কোনো সিনেমার ঘোষণা এলেই দর্শকের প্রত্যাশার পারদ বেড়ে যায়।
সেই প্রত্যাশার ধারাবাহিকতায় এবার বড় পর্দায় আসছে জয়া আহসানের নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। আজ (১০ জুলাই) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। সম্পর্ক, বিচ্ছেদ, স্মৃতি এবং মানবিক টানাপোড়েনের আবেগঘন গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় জয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চন্দন সেন, ঋত্বিক চক্রবর্তীসহ আরও অনেকে।
ছবির গল্প আবর্তিত হয়েছে এমন এক সম্পর্ককে ঘিরে, যেখানে বিচ্ছেদের পরও অতীতের স্মৃতি মানুষের জীবন থেকে পুরোপুরি মুছে যায় না। একটি অপ্রত্যাশিত ঘটনার মধ্য দিয়ে মুখোমুখি হয় অতীত ও বর্তমান। সেই আবেগ, দ্বন্দ্ব এবং মানুষের ভেতরের অজানা অনুভূতিগুলোই পর্দায় তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা। ছবির ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। বিশেষ করে জয়া আহসানের সংযত অথচ শক্তিশালী অভিনয়ের ঝলক ইতোমধ্যেই আলোচনায় এসেছে।
পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় বরাবরই সম্পর্কভিত্তিক গল্প নির্মাণে দক্ষ। তার নির্মাণশৈলী এবং চরিত্রের গভীরতা দর্শকের কাছে আলাদা গ্রহণযোগ্যতা পেয়েছে। সেই ধারাবাহিকতায় ‘আজও অর্ধাঙ্গিনী’ও হতে পারে একটি আবেগঘন পারিবারিক চলচ্চিত্র। ছবির চিত্রনাট্য, সংলাপ এবং আবহসংগীতও গল্পের আবেগকে আরও শক্তিশালী করেছে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে জয়া আহসানের জন্যও সিনেমাটি বিশেষ গুরুত্বপূর্ণ। গত কয়েক বছরে তিনি যেসব চরিত্রে অভিনয় করেছেন, তার অধিকাংশই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। ফলে ‘আজও অর্ধাঙ্গিনী’ নিয়েও প্রত্যাশা অনেক বেশি। ছবিতে তার চরিত্রে রয়েছে আবেগ, পরিণতবোধ এবং জীবনের কঠিন বাস্তবতার প্রতিফলনÑ যা অভিনেত্রী হিসেবে তার দক্ষতাকে নতুনভাবে তুলে ধরবে বলেই বিশ্বাস নির্মাতার।
দুই বাংলায় সমান জনপ্রিয় এই অভিনেত্রী বরাবরই প্রমাণ করেছেন, বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি মানসম্মত গল্পের সিনেমাতেও তিনি সমান স্বচ্ছন্দ। তাই নতুন এই ছবিকে ঘিরে দর্শকদের আগ্রহও তুঙ্গে।