প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১ ঘণ্টা আগে
হলিউডের অন্যতম প্রভাবশালী নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’ ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। বহু প্রতীক্ষিত এই মহাকাব্যিক চলচ্চিত্রটি আগামী ১৭ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাবে। মুক্তির আগেই সিনেমাটি নিয়ে দর্শক ও সমালোচকদের উচ্ছ্বাস তুঙ্গে পৌঁছেছে।
প্রাথমিক বিশেষ প্রদর্শনীতে সিনেমাটি দেখার সুযোগ পাওয়া সমালোচক ও চলচ্চিত্র বিশ্লেষকদের অনেকেই একে নোলানের ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে, এটি শুধু একটি চলচ্চিত্র নয়, বরং আধুনিক সিনেমা নির্মাণের নতুন এক মাইলফলক। লন্ডনে জাঁকজমকপূর্ণ প্রিমিয়ারের পর প্যারিস, নিউইয়র্ক, মুম্বাই, বেইজিং ও সিউলসহ বিশ্বের বিভিন্ন শহরে চলছে সিনেমাটির প্রচারণা।
সামাজিক মাধ্যমেও ‘দ্য ওডিসি’ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। অনেক দর্শক সিনেমাটিকে ‘নিখুঁত চলচ্চিত্র নির্মাণের উদাহরণ’ বলে আখ্যা দিচ্ছেন। দুর্দান্ত ভিজ্যুয়াল, বিশাল ক্যানভাস এবং নোলানের স্বতন্ত্র গল্প বলার ভঙ্গি সিনেমাটিকে বছরের সবচেয়ে প্রতীক্ষিত মুক্তিগুলোর একটি করে তুলেছে।
প্রায় তিন হাজার বছর আগে রচিত হোমারের বিখ্যাত গ্রিক মহাকাব্য অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে ট্রয় যুদ্ধের পর বীর ওডিসিউসের দীর্ঘ, বিপদসংকুল ঘরে ফেরার অভিযানের গল্প তুলে ধরা হয়েছে। নোলানের নিজস্ব নির্মাণশৈলীতে সেই ক্লাসিক কাহিনি নতুন মাত্রা পেয়েছে।
সিনেমাটিতে অভিনয় করেছেন ম্যাট ডেমন, অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন, টম হল্যান্ডসহ হলিউডের একঝাঁক জনপ্রিয় তারকা। পেনেলোপি চরিত্রে অ্যান হ্যাথাওয়ে এবং টেলেমেকাস চরিত্রে টম হল্যান্ডের অভিনয় ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। তবে বিশেষভাবে আলোচনায় রয়েছেন রবার্ট প্যাটিনসন। খল চরিত্রে তার শক্তিশালী উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে।
কারিগরি দিক থেকেও ‘দ্য ওডিসি’কে অনন্য উচ্চতায় নিয়ে গেছে আইম্যাক্স ক্যামেরার ব্যবহার। বিশাল পরিসরের দৃশ্য, চমকপ্রদ ভিজ্যুয়াল ইফেক্ট এবং আবেগঘন উপস্থাপনা সিনেমাটিকে এক ভিন্ন অভিজ্ঞতায় পরিণত করেছে।