প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১ ঘণ্টা আগে
বাংলা গানের ভুবনে সময়ের সঙ্গে অনেক কিছুই বদলে গেছে। ক্যাসেট-সিডির যুগ পেরিয়ে এখন গান প্রকাশের প্রধান মাধ্যম ডিজিটাল প্ল্যাটফর্ম। বদলে গেছে শ্রোতার মনোযোগও। তবু ভালো গান, মেলোডি আর শিল্পীর আন্তরিকতা কখনও পুরনো হয় না। সেই বিশ্বাসকে সঙ্গী করেই নতুন গান ‘খেয়ালি সুর’ নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য কণ্ঠশিল্পী ফাহমিদা নবী।
সম্প্রতি তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ফাহমিদা নবী’-তে প্রকাশিত হয়েছে ‘খেয়ালি সুর’ শিরোনামের নতুন গানটি। প্রকাশের পর থেকেই গানটি ধীরে ধীরে সংগীতপ্রেমীদের নজর কাড়ছে। ভাইরাল সংস্কৃতির এই সময়ে ভালো গানের মূল্যায়ন নিয়ে নিজের ভাবনার কথাও তুলে ধরেছেন এই গুণী শিল্পী।
গানটি প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, “সত্যি বলতে, এখন কী মানুষ আর প্রবল আগ্রহ নিয়ে গান শোনে? শোনে না। মানুষ এখন যা কিছু ভাইরাল, তাতেই যেন একটু বেশি মনোযোগী। কিন্তু তাতে আমাদের সংস্কৃতির খুবই ক্ষতি হচ্ছে। সে কারণে এখন কোনো গান প্রকাশের পর কেমন সাড়া পাচ্ছি, সেটা বলা মুশকিল। তবে প্রিয়জনদের কাছে গানটি বিশেষভাবে মূল্যায়িত হলে সেটাও ভালো লাগার। আমি বিশ্বাস করি, যারা সত্যিকারের গান ভালোবাসেন, তারা ঠিকই খুঁজে খুঁজে ভালো গান শোনেন। তারাই আমার গানের প্রকৃত শ্রোতা। ‘খেয়ালি সুর’ তাদের ভালো লাগবে।”
শুধু কণ্ঠশিল্পী হিসেবেই নয়, গত কয়েক বছর ধরে সুরকার হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করছেন ফাহমিদা নবী। তার বাবা কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আলতাফ মাহমুদের মতো তিনিও সুর সৃষ্টির আনন্দ খুঁজে পান। নিজের গাওয়া গানের পাশাপাশি নতুন নতুন সুর তৈরির কাজেও সময় দিচ্ছেন তিনি। তার ভাষায়, গান গাওয়ার মতোই সুর করাও তার কাছে গভীর আনন্দের একটি জায়গা।
বাংলাদেশের চলচ্চিত্র সংগীতে ফাহমিদা নবীর অবদানও উল্লেখযোগ্য। ‘দূরদেশ’ চলচ্চিত্রে প্রথম প্লেব্যাকের মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন তিনি। এরপর অসংখ্য চলচ্চিত্রে কণ্ঠ দিয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। চলচ্চিত্রে গানের স্বীকৃতি হিসেবে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, যা তার দীর্ঘ সংগীতজীবনের অন্যতম বড় সম্মান।
উল্লেখ্য, ‘খেয়ালি সুর’ গানটির কথা লিখেছেন আমিরুল ইসলাম অরুণ এবং সুর করেছেন ফোয়াদ নাসের বাবু। আধুনিক কথামালা ও সুরের সমন্বয়ে তৈরি গানটি মেলোডিপ্রিয় শ্রোতাদের জন্য বিশেষ উপহার হয়ে উঠবে বলেই আশা করছেন তিনি।
দীর্ঘ ক্যারিয়ারে ফাহমিদা নবী অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন দর্শকদের। এর মধ্যেÑ এক মুঠো গান-১, দুপুরে একলা পাখি, তুমি কি সেই তুমি, মনে কি পড়ে না, কর্তা দেয়াল হঠাৎ খেয়াল, স্বপ্ন গল্প, আকাশ ও সমুদ্র, আমার বেলা যে যায়, সেলিব্রেটিং লাইফ ১, ২, ৩, আমি আকাশ হবো, তবু বৃষ্টি চাই, আয় ভালবাসা, ইচ্ছে হয়সহ আরও অনেক জনপ্রিয় অ্যালবাম।