গ্রাফিক্স: সংগৃহীত
জনপ্রিয় কণ্ঠশিল্পী উর্মি খানের নতুন মৌলিক গান ‘ভাবনার মিছিল’ প্রকাশিত হয়েছে।
নিজের জন্মদিন উপলক্ষ্যে গত ১০ জুন গানটি শ্রোতাদের জন্য উন্মুক্ত করেন তিনি। ‘ভাবনার মিছিল’ গানটির কথা লিখেছেন মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সালমান জাইম।
ছোটবেলা থেকেই সংগীতচর্চার সঙ্গে যুক্ত উর্মি খান। শৈশব থেকেই বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি সাফল্য অর্জন করেন এবং একাধিকবার পুরস্কৃত হন।
উর্মি খানের সংগীতজীবনের অন্যতম উল্লেখযোগ্য অর্জন চ্যানেল আই ‘সেরা কণ্ঠ ২০১০’ প্রতিযোগিতায় সেরা ১৫তে স্থান লাভ। সেই সাফল্যের ধারাবাহিকতায় বর্তমানে তিনি দেশের একজন নিয়মিত টেলিভিশন শিল্পী হিসেবে বিভিন্ন চ্যানেলের অনুষ্ঠান, বিশেষ আয়োজন ও সরাসরি মঞ্চে সংগীত পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে চলেছেন।
নতুন গান প্রসঙ্গে উর্মি খান বলেন, “প্রতিটি শিল্পীর কাছেই নতুন সৃষ্টি বিশেষ অনুভূতির। ‘ভাবনার মিছিল’ আমার হৃদয়ের খুব কাছের একটি গান। নিজের জন্মদিনে এটি শ্রোতাদের উপহার দিতে পেরে আমি আনন্দিত। গানটি সবার ভালো লাগবে এটাই আমার প্রত্যাশা।”
সংগীতসংশ্লিষ্টদের বিশ্বাস, এই গান উর্মি খানের সংগীতজীবনে নতুন একটি মাইলফলক হয়ে থাকবে এবং তার মৌলিক গানের ভাণ্ডারে যুক্ত করবে আরও একটি সফল সংযোজন।