মাহমুদা বিশ্বাস
প্রকাশ : ৮ ঘণ্টা আগে
অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। ছবি:সংগৃহীত।
বাংলাদেশের নতুন প্রজন্মের অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল বরাবরই নিজের অভিনয়, সাহসী চরিত্র নির্বাচন এবং পর্দায় স্বতন্ত্র উপস্থিতির জন্য আলোচনায় থাকেন। প্রচলিত বাণিজ্যিক ধারার বাইরে গিয়ে গল্পনির্ভর ও পরীক্ষাধর্মী নির্মাণে কাজ করার আগ্রহ তাকে সমসাময়িক অভিনেত্রীদের মধ্যে আলাদা পরিচিতি এনে দিয়েছে। সেই ধারাবাহিকতাই এবার নতুন একটি ওটিটি ওয়েব ফিল্ম ‘টিলটিপ’ নিয়ে দর্শকের সামনে আসছেন এই অভিনেত্রী।
সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে ডাবিং স্টুডিও থেকে একটি ছোট ভিডিও শেয়ার করেন সুনেরাহ। ভিডিওতে তাকে ডাবিং বুথে সংলাপ বলতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে তিনি ছোট করে লিখেছেন, ‘ক্যান্ট ওয়েট টু শো ইউ গাইজ।’ মাত্র কয়েকটি শব্দের এই বার্তাই ভক্তদের মধ্যে তৈরি করেছে নতুন কৌতূহল। ভিডিওটি প্রকাশের পর মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, এটি তার নতুন ওটিটি ওয়েব ফিল্ম ‘টিলটিপ’-এর ডাবিংয়ের মুহূর্ত। ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন নির্মাতা শরিফুল আবির। যদিও নির্মাতার পক্ষ থেকে এখনও গল্প, চরিত্র, ওটিটি প্লাটফর্ম কিংবা মুক্তির নির্দিষ্ট তারিখ নিয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি, তবে ডাবিংয়ের কাজ শেষ পর্যায়ে পৌঁছে যাওয়ায় ধারণা করা হচ্ছে শিগগিরই প্রকাশ করা হবে সিনেমাটির ফার্স্ট লুক, পোস্টার কিংবা টিজার। এরপরই শুরু হতে পারে আনুষ্ঠানিক প্রচারণা।
সুনেরাহর পোস্ট ঘিরে ভক্তদের উচ্ছ্বাসও চোখে পড়ার মতো। অনেকে মন্তব্য করে জানিয়েছেন, দীর্ঘদিন পর তাকে নতুন একটি শক্তিশালী চরিত্রে দেখার অপেক্ষায় রয়েছেন। কেউ লিখেছেন, ‘আর অপেক্ষা করতে পারছি না’, আবার কেউ নতুন কাজের জন্য আগাম শুভকামনা জানিয়েছেন। অল্প সময়ের মধ্যেই ভিডিওটি অসংখ্য দর্শকের কাছে পৌঁছে যায়।

বাংলাদেশে ওটিটি প্লাটফর্মের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে গল্প ও চরিত্রনির্ভর নির্মাণের চাহিদাও বেড়েছে। এই পরিবর্তিত বাস্তবতায় সুনেরাহও নিয়মিত ডিজিটাল কনটেন্টে কাজ করছেন। বড়পর্দার পাশাপাশি ওটিটিকেও তিনি নিজের অভিনয়জীবনের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হিসেবে দেখছেন।
বর্তমানে একাধিক চলচ্চিত্র ও ডিজিটাল প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। তবে তার নতুন ওয়েব ফিল্ম ‘টিলটিপ’ ঘিরেই এখন সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে দর্শকদের মধ্যে। ডাবিং রুম থেকে প্রকাশ করা ছোট্ট একটি ভিডিও যেন সেই আগ্রহকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এখন অপেক্ষা শুধু নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণার। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে শিগগিরই দর্শক নতুন এক গল্পে, নতুন এক চরিত্রে সুনেরাহকে ওটিটির পর্দায় দেখতে পাবেন।