ঢাকাই চলচ্চিত্রের বরেণ্য নির্মাতা এফ আই মানিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) রাতে রাজধানীর বেগুনবাড়ী মোড় থেকে হাতিরঝিল গোলচক্কর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা অর্পুব রানা। তিনি জানান, রাতে নিকেতনে নিজের বাসায় ফিরছিলেন এফ আই মানিক। বেগুনবাড়ী মোড় অতিক্রম করে হাতিরঝিল গোলচক্কর থেকে নিকেতন রোডে প্রবেশের সময় পেছন থেকে দ্রুতগতির একটি গাড়ি তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
অর্পুব রানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এফ আই মানিকের বাম হাত ভেঙে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ক্ষতের চিহ্ন রয়েছে। দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হয়।
তিনি আরও বলেন, চিকিৎসকদের পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে পরিচালকের শারীরিক অবস্থার বিস্তারিত জানা যাবে। শরীরের অন্য কোনো হাড় ভেঙেছে কি না, সেটিও পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া সম্ভব হবে।
বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রে দীর্ঘদিন সফলতার সঙ্গে কাজ করেছেন এফ আই মানিক। নব্বই দশক থেকে দুই হাজার দশকের শুরুর দিকে তিনি একের পর এক দর্শকপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা নির্মাণ করে নির্মাতা হিসেবে নিজস্ব অবস্থান তৈরি করেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘স্বপ্নের বাসর’, ‘কোটি টাকার কাবিন’, ‘চাচ্চু’ ও ‘দাদীমা’।
চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি সাংগঠনিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন এফ আই মানিক। তিনি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০১১-১২ মেয়াদের নির্বাহী কমিটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার দুর্ঘটনার খবর প্রকাশের পর চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।