প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬ ১৩:১৪ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৬ ১৩:১৫ পিএম
দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে আছেন একসময়কার দর্শকপ্রিয় নায়িকা শাহনূর। মাঝে তিনি সেখানে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। কিন্তু সঠিক চিকিৎসা এবং আল্লাহর অশেষ রহমতে এখন তিনি পুরোপুরি সুস্থ। এরইমধ্যে শাহনূর তার জীবনের প্রয়োজনে সেখানে একজন ডিজে হিসেবেও কাজ শুরু করেছেন। কয়েকটি শো’তে তিনি ডিজে হিসেবে কাজও করেছেন। ডিজে রাহাতের কাছেই তিনি ডিজেইং শিখেছেন বলে জানান শাহনূর। ডিজেইং-এ বেশ পরিপক্ক হয়ে উঠেছেন তিনি।
আগামী ৯ আগস্ট যুক্তরাষ্ট্রের কুইনস প্যালেসে অনুষ্ঠিতব্য ‘নিউইয়র্ক মিউজিক ফেস্ট’-এ অংশগ্রহন করবেন শাহনূর। এছাড়াও আগামী ২ আগস্ট অনুষ্ঠিতব্য ‘আনন্দ মেলা’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও অংশগ্রহন করতে পারেন বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্র থাকলেও শাহনূরের মন পড়ে আছে বাংলাদেশে। কারণ তার বাবা না থাকলেও দেশে তার মা এবং ছোট ভাই সোহেল, তার পরিবার আছে। তাদের জন্য ভীষণ মন খারাপ হয় তার। প্রতিনিয়তই দেশে ফিরে আসতে মন চায় তার। কিন্তু আপাতত তার দেশে ফেরা হচ্ছে না। তাই যুক্তরাষ্ট্রেই নানান কাজে শাহনূর নিজেকে ব্যস্ত রাখছেন।
শাহনূর বলেন,‘ কিছুদিন আগে আমি হঠাৎ বেশ অসুস্থ হয়ে পড়েছিলাম। তবে এখন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। টুকটাক কাজ করছি নিয়মিত। আগামী ৯ আগস্ট আমাদের ব্যান্ড দল এইচট্রিক-এর আয়োজনে ‘নিউইয়র্ক মিউজিক ফেস্ট ২০২৬-অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেহেতু আমি এই ব্যান্ড দলের সাধারন সম্পাদক, তাই আমাকে এই ফেস্টিভ্যাল নিয়ে অনেক ব্যস্ত সময় পার করতে হচ্ছে। এবারের আয়োজনে বলিউড, ঢালিউড ও নেপালী কমিউনিটি থেকে শিল্পীরা অংশগ্রহন করবে। যে কারণে এবারের ফেস্টিভ্যাল নিয়ে ভীষণ উচ্ছসিত আমরা। এছাড়াও ইচ্ছা আছে আনন্দ মেলা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহন করার। কারণ খান মোহাম্মদ আলী ভাইয়ের কাছ থেকে জানতে পেরেছি যে এবারের আনন্দ মেলা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমাদের চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী নায়িকা, আমাদের গর্ব শ্রদ্ধেয় ববিতা আপা আসবেন। তারসঙ্গে দেখা করার জন্য হলেও আমি আনন্দ মেলা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাবো ইনশাআল্লাহ। সত্যি বলতে কী যখন থেকে শুনেছি যে যুক্তরাষ্ট্রে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ববিতা আপা আসতেছেন তখন থেকেই সেই সময়টার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আর নিউইয়র্ক মিউজিক ফেস্ট ২০২৬-এর জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।’ এরইমধ্যে যুক্তরাষ্ট্রে অবস্থিত বরিশালের মেহেন্দীগঞ্জ সমিতির অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনও করেছেন শাহনূর। তিনি এখন স্টেজ শোতে গানও গাইছেন নিয়মিত।