× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তরুণ প্রজন্মের গানে সাবিনা ইয়াসমীন

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬ ১২:৫৬ পিএম

আপডেট : ০৭ জুলাই ২০২৬ ১৩:১৫ পিএম

কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন

কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন

বাংলা গানের জগতে তিনি এক উজ্জ্বল নক্ষত্র। পাঁচ দশকেরও বেশি সময় ধরে অসংখ্য কালজয়ী গান উপহার দিয়ে দেশের সংগীতপ্রেমীদের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নিয়েছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন। ‘সব সখী’, ‘দিন যায় কথা থাকে’, ‘একবার যদি কেউ ভালোবাসতো’, ‘আমার সোনার বাংলা’সহ অসংখ্য জনপ্রিয় গানে তিনি হয়ে উঠেছেন কোটি শ্রোতার আবেগের অংশ। বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতা এবং অসুস্থতার সঙ্গে দীর্ঘদিন ধরেই লড়াই করছেন তিনি। তবুও গানই তার প্রাণ, গানই তার ভালো থাকার শক্তি। সেই ভালোবাসার টানেই এবার নতুন একটি গানে কণ্ঠ দিলেন এই সাবিনা ইয়াসমীন।

শনিবার রাজধানীর ঢাকার একটি স্টুডিওতে নতুন গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। যদিও গানটির শিরোনাম এখনও চূড়ান্ত হয়নি। গানটির কথা লিখেছেন জমাদ্দার সবুজ, আর সুর ও সংগীত পরিচালনা করেছেন জীবন ওয়াসিফ। এ গানে সাবিনা ইয়াসমীনের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন তরুণ শিল্পী সালমান রাজ।

নতুন গান সম্পর্কে এক ভিডিওবার্তায় নিজের অনুভূতি প্রকাশ করেছেন সাবিনা ইয়াসমীন। তিনি বলেন, ‘আমি সব সময় তরুণদের সঙ্গে কাজ করতে আগ্রহী। এই গানটি যখন পেলাম, শুনতে খুব ভালো লেগেছে। দারুণ সুর, কথাও অনেক সুন্দর। জীবন ওয়াসিফ মেধাবী সুরকার। আমি চাই, তার নাম ছড়িয়ে পড়ুক। আরও ভালো ভালো কাজ সে উপহার দিক। নিশ্চয়ই তার সঙ্গে আরও গান হবে আমার।’

সাবিনা ইয়াসমীনের এই বক্তব্যে যেমন নতুন প্রজন্মের শিল্পী ও সুরকারদের প্রতি তার আন্তরিক সমর্থনের বিষয়টি উঠে এসেছে, তেমনি স্পষ্ট হয়েছে নতুন সৃষ্টির প্রতি তার অদম্য আগ্রহও। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নবীন শিল্পীর সঙ্গে কাজ করেছেন তিনি। এখনও সেই ধারা অব্যাহত রেখেছেন সমান উৎসাহে।

সংগীতজীবনের দীর্ঘ পথচলায় নিজের সময়ের অনেক সহশিল্পীকেই হারিয়েছেন সাবিনা ইয়াসমীন। তবুও তার কণ্ঠের আবেদন এতটুকুও কমেনি। সময়ের সঙ্গে বদলেছে সংগীতের ধারা, এসেছে নতুন প্রযুক্তি, নতুন প্রজন্মের শিল্পী ও শ্রোতা। কিন্তু সাবিনা ইয়াসমীন নিজের স্বকীয়তা ধরে রেখেই আজও সমানভাবে প্রাসঙ্গিক।

সাম্প্রতিক বছরগুলোতে শারীরিক অসুস্থতার কারণে নিয়মিত গান করা সম্ভব না হলেও সুযোগ পেলেই তিনি নতুন গানে কণ্ঠ দিচ্ছেন। চিকিৎসকদের পরামর্শ মেনে চলার পাশাপাশি নিজের শারীরিক সক্ষমতা বিবেচনা করেই তিনি স্টুডিওতে সময় দিচ্ছেন। তার প্রতিটি নতুন গান যেন ভক্তদের জন্য নতুন এক আনন্দের উপলক্ষ হয়ে ওঠে।

নতুন এই দ্বৈত গান কবে প্রকাশ পাবে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে রেকর্ডিংয়ের খবর প্রকাশের পর থেকেই গানটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে শ্রোতাদের মধ্যে। ভক্তদের প্রত্যাশা, আবারও নিজের সুরেলা কণ্ঠে নতুন এক সংগীত উপহার দেবেন বাংলা গানের এই জীবন্ত কিংবদন্তি।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা