বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩ ১৯:০০ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩ ১৩:৫৩ পিএম
কলকাতার আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। বিগত বছরে সিনেমা দিয়ে আলোচনায় না থাকলেও প্রেম-বিয়ে-বিচ্ছেদ নিয়ে তিনি ছিলেন গণমাধ্যমের শিরোনামে। এবার তার ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন তার বাবা-মা। জানালেন মেয়ের এমন আচরণে তাদের পদক্ষেপের কথাও।
সম্প্রতি ভারতের একটি বেসরকারি টিভি চ্যানেলের রিয়ালিটি শোয়ে উপস্থিত হন শ্রাবন্তীর বাবা-মা। সেখানে উপস্থাপক তাদের নানা ধরনের প্রশ্ন করেন। প্রশ্ন পর্বের একপর্যায়ে তাদের কাছে জানতে চাওয়া হয়, শ্রাবন্তীর প্রেম-বিয়ে-বিচ্ছেদের এমন সিদ্ধান্তকে কীভাবে দেখেন তার বাবা-মা?
উত্তরে তারা বলেন, ‘সন্তান যত বড়ই হোক না কেন, পিতা-মাতার কাছে তারা সারা জীবনই ছোটই থাকে। তাই সন্তান যদি কখনো ভুল সিদ্ধান্ত নেয়, বাবা-মায়ের দায়িত্ব তার সমাধান দেওয়া। তাকে সঠিক সিদ্ধান্তের পরামর্শ দেওয়া।’
এ সময় তারা আরও বলেন, ‘তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম আমরা। ওটাই ওর জীবনের বড় শাস্তি।’
শ্রাবন্তী দুই বাংলাতেই ব্যাপক জনপ্রিয়। এদেশেও তার অভিনয়ের ভক্ত রয়েছে। তবে বিয়ে নিয়ে তার সমালোচনা শুরু হয় ২০১৭ সালে দ্বিতীয় সংসার ভাঙার পর। এরপর গোপনে প্রেমিক রোশান সিংয়ের সঙ্গে তৃতীয় সংসার বাঁধেন তিনি। ভারতের চণ্ডীগড়ে পাঞ্জাবি রীতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের পর চুপচাপ শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েন শ্রাবন্তী। কিন্তু বেশিদিন গোপন রাখতে পারেননি তিনি। এরপর শুরু হয় আলোচনা-সমালোচনা। যার রেশ কাটতে না কাটতেই বিচ্ছেদের ঘোষণা দেন ‘শিকারি’ সিনেমার এই অভিনেত্রী। তার এমন কর্মকাণ্ড যে পরিবারের জন্যও বিরক্তের ছিল এতদিন পর শ্রাবন্তীর বাবা-মায়ের কথায় সেটি প্রকাশিত হলো।
শ্রাবন্তীকে নিয়ে তার বাবা-মা যখন এসব কথা বলছিলেন তখন তাদের চোখ দিয়ে অশ্রু ঝরছিল। যদিও এত কিছুর মধ্যে অভিনেত্রী একটি কথাই শুধু বলেন, ‘পৃথিবীতে তার ভালোবাসার মানুষ চারজন। ছেলে ঝিনুক, বড় বোন আর মা-বাবা। তাদের ছাড়া শ্রাবন্তীর পৃথিবী অন্ধকার।’