প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২ ঘণ্টা আগে
যশরাজ ফিল্মসের বহুল প্রতীক্ষিত আলফা মুক্তির আর বেশি দেরি নেই। ‘স্পাই ইউনিভার্স’-এর প্রথম নারীপ্রধান অ্যাকশন সিনেমা হিসেবে ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। ট্রেলার প্রকাশের পর থেকেই আলোচনায় রয়েছে ছবির অ্যাকশন, তারকাবহুল অভিনয়শিল্পী এবং আলিয়া ভাটের নতুন অবতার। তবে মুক্তির আগেই এবার খবরের শিরোনামে এসেছে ছবির শিল্পীদের পারিশ্রমিক। আর সেই তালিকায় সবার ওপরে উঠে নতুন নজির গড়েছেন আলিয়া ভাট।
জানা গেছে, ‘আলফা’ ছবিতে অভিনয়ের জন্য আলিয়া ভাট নিয়েছেন ২৫ কোটি রুপি। এর মাধ্যমে পারিশ্রমিকের দিক থেকে তিনি বলিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফকে ছাড়িয়ে গেছেন।
একসময় বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় শীর্ষে ছিলেন দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে প্রিয়াঙ্কা হলিউডের কাজ নিয়েই বেশি ব্যস্ত, আর ক্যাটরিনাও বড়পর্দায় আগের মতো নিয়মিত নন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাটরিনা প্রতি ছবিতে প্রায় ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিতেন। অন্যদিকে ‘কল্কি ২৮৯৮ এডি’ খ্যাত দীপিকা পাড়ুকোনের পারিশ্রমিক ছিল ২০ কোটির কিছু বেশি।
ছবিতে আলিয়ার বাবার চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল। ‘অ্যানিম্যাল’-এর সাফল্যের পর নতুনভাবে আলোচনায় আসা এই অভিনেতা ‘আলফা’-এর জন্য প্রায় ৬ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গেছে।
অ্যাকশনধর্মী এই ছবিতে আলিয়া ভাটকে কেন্দ্রীয় স্পাই চরিত্রে দেখানো হবেÑ এমন ঘোষণা আসার পর থেকেই সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা।