প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
অভিনেত্রী ,অপু বিশ্বাস। ছবি: ফেসবুক থেকে।
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল সিনেমা। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা আলোচনায় থাকলেও নতুন কাজের মাধ্যমে নিয়মিতই দর্শকদের সামনে ফিরছেন তিনি। চলতি বছরের শুরুতে নির্মাতা কামরুজ্জামান রোমানের ‘শিকার’ শিরোনামের একটি ওয়েব ফিল্মে অভিনয়ের ঘোষণা দিয়েছিলেন অপু।
তবে পরিকল্পনায় পরিবর্তন এনে এবার সেটি নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে। জানা গেছে, চলতি মাসেই শুরু হবে সিনেমাটির শুটিং। প্রথমে গত মার্চে শুটিং শুরুর কথা থাকলেও প্রি-প্রোডাকশনের কাজ শেষ হতে দেরি হওয়ায় নির্ধারিত সময়ে ক্যামেরার সামনে দাঁড়ানো সম্ভব হয়নি।

গণমাধ্যমকে নির্মাতা কামরুজ্জামান রোমান জানান, গল্প, বাজেট ও সামগ্রিক পরিকল্পনা বিবেচনা করে প্রযোজনা প্রতিষ্ঠান রেজা ফিল্মসের সঙ্গে আলোচনার পর ওয়েব ফিল্মের পরিবর্তে এটি বড় পর্দার সিনেমা হিসেবে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
থ্রিলারধর্মী ‘শিকার’-এর গল্প আবর্তিত হয়েছে সীমান্তবর্তী একটি এলাকার ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে। সিনেমাটিতে অপু বিশ্বাসকে দেখা যাবে একটি গ্ল্যামারাস ও গুরুত্বপূর্ণ চরিত্রে। নির্মাতার ভাষ্য, গল্পই এই সিনেমার সবচেয়ে বড় শক্তি। ইতোমধ্যে শিল্পী ও কলাকুশলীরা প্রস্তুতি শুরু করেছেন এবং দর্শকদের জন্য ভিন্নধর্মী একটি সিনেমা উপহার দেওয়ার প্রত্যাশা তাদের।

এ ছাড়া তিনি বলেন, সিনেমাটির বেশিরভাগ দৃশ্যধারণ হবে নেপালে। এ মাসের মাঝামাঝি সময়ে পুরো টিম শুটিংয়ের জন্য নেপালের উদ্দেশে রওনা দেবে। এরই মধ্যে সিনেমার একটি রোমান্টিক গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ‘দুজন মিলে বাঁচব এক জীবন’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও নাজমুন মুনিরা ন্যান্সি। কবির বকুলের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান। পাশাপাশি আকাশ মাহমুদের সুরে একটি স্যাড ঘরানার গানও যুক্ত হচ্ছে সিনেমাটিতে।
‘শিকার’ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মুরতজা পলাশ। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। নতুন এই সিনেমার মাধ্যমে বড়পর্দায় অপু বিশ্বাসকে ভিন্ন এক চরিত্রে দেখার অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা।