প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২ ঘণ্টা আগে
বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিকে এবার দেখা গেল মার্ভেল ইউনিভার্সের জনপ্রিয় সুপারহিরো স্পাইডারম্যানের সঙ্গে একই ফ্রেমে। সম্প্রতি সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট প্রকাশিত প্রায় ৪০ সেকেন্ডের একটি প্রচারণামূলক ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ভিডিওর শুরুতে নিউইয়র্কের একটি কফিশপে বসে ফোনে কথা বলতে দেখা যায় পিটার পার্কারকে। ঠিক তখনই হাতে একটি রহস্যময় ‘স্পাইডি ট্র্যাকার’ নিয়ে সেখানে হাজির হন মেসি। কিছুক্ষণ পর পিটার পার্কার স্পাইডারম্যানের রূপে সামনে আসেন। ভিডিওর শেষ দৃশ্যে স্পাইডারম্যানের জালে ভর করে নিউইয়র্কের আকাশে দুলতে দেখা যায় মেসিকে, যা ভক্তদের জন্য ছিল বড় চমক।
হলিউডভিত্তিক কয়েকটি গণমাধ্যমের দাবি, এই প্রোমো ভিডিওতে মাত্র ২০ সেকেন্ড উপস্থিত থাকার জন্য মেসি পেয়েছেন ১৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৮৫ কোটি টাকার সমান। তবে এ বিষয়ে এখনও সনি পিকচার্স বা মেসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
আগামী ৩০ জুলাই মুক্তি পাবে মার্ভেলের বহুল প্রতীক্ষিত ‘স্পাইডারম্যান : ব্র্যান্ড নিউ ডে’। ধারণা করা হচ্ছে, সিনেমাটির প্রচারণার অংশ হিসেবেই নির্মাণ করা হয়েছে এই ভিডিও। ভিডিওতে মেসির হাতে থাকা ‘স্পাইডি ট্র্যাকার’ নিয়েও শুরু হয়েছে নানা জল্পনা। ১৯৬৪ সালে প্রকাশিত দ্য অ্যামেজিং স্পাইডারম্যান কমিকসে প্রথম এই ডিভাইসের ব্যবহার দেখা যায়। ট্র্যাকারের স্ক্রিনে থাকা একাধিক লাল বিন্দু দেখে অনেক ভক্তের ধারণা, নতুন সিনেমায় মাল্টিভার্সের মাধ্যমে একাধিক স্পাইডারম্যানকে দেখা যেতে পারে। যদিও বিষয়টি নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে মেসির উপস্থিতি যে সিনেমাটির প্রচারণায় বাড়তি উন্মাদনা যোগ করেছে, সে বিষয়ে ভক্তদের মধ্যে কোনো দ্বিমত নেই।