মাহমুদা বিশ্বাস
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আফরান নিশো,শাকিব খান ও সিয়াম আহমেদ। ছবি:সংগৃহীত।
ঈদকেন্দ্রিক সিনেমা মুক্তির বাইরেও এখন বড়পর্দায় জমে উঠছে নতুন প্রতিযোগিতা। দর্শকদের আগ্রহ ধরে রাখতে বছরের বিভিন্ন সময়েই মুক্তি পাচ্ছে বড় বাজেটের ও তারকাবহুল সিনেমা। ২০২৬ সালের নন-ঈদ মুক্তির তালিকায় ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে তিনটি সিনেমাÑ ‘অন্ধকার’, ‘সুড়ঙ্গ ২’ ও ‘সোলজার’। আর এই তিন সিনেমার মাধ্যমে আবারও বড়পর্দায় ভিন্ন ভিন্ন চমক নিয়ে হাজির হতে চলেছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
বাংলাদেশের চলচ্চিত্রে দীর্ঘদিন ধরেই শীর্ষ নায়কের আসনে রয়েছেন শাকিব খান। বাণিজ্যিক সিনেমার পাশাপাশি গত কয়েক বছরে গল্পনির্ভর কাজেও নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন তিনি। ২০২৩ সালের ‘প্রিয়তমা’ এবং ২০২৪ সালের ‘তুফান’-এর মতো ব্যবসাসফল সিনেমা তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করে। ২০২৫ সালের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ নিয়েও দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা দেখা গেছে। এবার তিনি অভিনয় করছেন শাকিব ফাহাদ পরিচালিত সোলজার সিনেমায়। ছবিটির গল্প বা অন্য শিল্পীদের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি। তবে শাকিব খান ও শাকিব ফাহাদ জুটির নতুন এই কাজ নিয়ে দর্শকদের প্রত্যাশা ইতোমধ্যেই তুঙ্গে।
অন্যদিকে ছোটপর্দায় অভিনয়ের মধ্যে দর্শকপ্রিয় হয়ে এখন বড়পর্দায়ও নিজের অবস্থান শক্ত করেছেন আফরান নিশো। ‘সুড়ঙ্গ’ দিয়ে চলচ্চিত্রে অভিষেকেই প্রশংসা কুড়ান তিনি। পরে ‘দাগি’ সিনেমাতেও ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছিলেন। তারপর ঈদুল আজহায় ‘দম’ সিনেমার মাধ্যমে তিনি বড়পর্দায় বেশ শক্ত অবস্থান তৈরি করেছেন। সেই ধারাবাহিকতায় এবার আসছে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ ২’। প্রথম সিনেমার বিপুল জনপ্রিয়তার পর সিকুয়েল ঘোষণা করা হলেও এর গল্প, কাস্ট কিংবা শুটিংয়ের বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। তবে নিশোকে আবারও এই ফ্র্যাঞ্চাইজিতে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক।
এদিকে সিয়াম আহমেদ নিজেকে সময়ের অন্যতম নির্ভরযোগ্য অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করার জোর প্রচেষ্টায় আছেন। ‘পোড়ামন ২’, ‘দহন’, ‘শনিবার বিকেল’, ‘অন্তর্জাল’-সহ বিভিন্ন ঘরানার সিনেমায় অভিনয় করে তিনি নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। এবার রায়হান রাফীর নতুন সিনেমা ‘অন্ধকার’-এর মাধ্যমে একেবারে ভিন্ন চরিত্রে হাজির হচ্ছেন সিয়াম। তবে সিনেমাটির গল্প ও মুক্তির তারিখ সম্পর্কে কিছুই জানাননি নির্মাতা।
২০২৬ সালের নন-ঈদ মুক্তির তালিকায় থাকা এই তিন সিনেমার মধ্যে ‘অন্ধকার’ ও ‘সুড়ঙ্গ ২’ পরিচালনা করছেন রায়হান রাফী, আর ‘সোলজার’ নির্মাণ করছেন শাকিব ফাহাদ। এই তিন সিনেমার নির্মাতারা এখনও বিস্তারিত তথ্য গোপন রাখলেও, শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদের উপস্থিতির কারণে ছবিগুলো ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। তবে সিনেমাগুলো চলতি বছর মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতারা।