এক ফ্রেমে আরশ খান এবং প্রিয়ন্তি উর্বি। ছবি: সংগৃহীত
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান একের পর এক ভিন্নধর্মী নাটকে অভিনয় করে দর্শকদের কাছে নিজের অবস্থান আরও শক্ত করেছেন। অন্যদিকে, অভিনেত্রী প্রিয়ন্তি উর্বিও স্বল্প সময়েই সাবলীল অভিনয় ও পর্দায় প্রাণবন্ত উপস্থিতির মাধ্যমে দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছেন। এবার এই দুই তারকা একসঙ্গে নতুন নাটক ‘মিথ্যে নয় সত্য’-এ অভিনয় করেছেন।
ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় নির্মিত নাটকটি প্রযোজনা করেছে ব্লু মুন এন্টারটেইনমেন্ট। নাটকের পোস্টার ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে। পোস্টারে আরশ খান ও প্রিয়ন্তি উর্বির রোমান্টিক উপস্থিতি দর্শকদের মধ্যে নাটকটি নিয়ে বাড়তি আগ্রহ তৈরি করেছে।
জানা গেছে, ‘মিথ্যে নয় সত্য’ নাটকটি প্রেম, আবেগ, বিশ্বাস এবং সম্পর্কের নানা টানাপড়েনের গল্প নিয়ে নির্মিত হয়েছে। গল্পের মোড় ঘুরবে এমন কিছু ঘটনাকে কেন্দ্র করে, যা দর্শকদের শেষ পর্যন্ত নাটকের সঙ্গে যুক্ত রাখবে। নাটকটির নামও গল্পের রহস্য ও আবেগের ইঙ্গিত বহন করছে।
আরশ খান ও প্রিয়ন্তি উর্বির নতুন জুটির রসায়ন নাটকটির অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দুজনের অভিনয় ও চরিত্রের উপস্থাপনা দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে বলেও আশা প্রকাশ করেছেন নির্মাতা।
আজ এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘মিথ্যে নয় সত্য’। ইতোমধ্যেই নাটকটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। নতুন গল্প, নতুন জুটি এবং রোমান্টিক আবহে নির্মিত এই নাটকটি দর্শকদের কতটা মুগ্ধ করতে পারে, সেটিই এখন দেখার অপেক্ষা।